সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি (Life Insurance Corporation) তাদের শেয়ারহোল্ডারদের জন্য গতকাল বিরাট ঘোষণা করেছে। ২০২২ সালে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথমবার বিনিয়োগকারীদের বোনাস শেয়ার উপহার দিচ্ছে সংস্থা (LIC Bonus Share)। সোমবার অর্থাৎ ১৩ এপ্রিল অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। যদিও আগেই এ কথা জানানো হয়েছিল। কিন্তু এক্সচেঞ্জ ফাইলিং এর মাধ্যমেই এলআইসি এই খবর নিশ্চিত করেছে।
১:১ হিসাবে মিলবে বোনাস
বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এলআইসি এবার ১:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করবে। অর্থাৎ, আপনার কাছে যদি এলআইসির একটি শেয়ার থাকে, তাহলে আপনি আরও একটি শেয়ার বিনামূল্যে পাবেন। যদিও বোনাস পাওয়ার জন্য রেকর্ড ডেট এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে সংস্থা জানিয়েছে, আগামী ১২ জুনের মধ্যেই যোগ্য বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে এই বোনাস শেয়ার ক্রেডিট হয়ে যাবে। এদিকে সংস্থাটির শক্তিশালী আর্থিক অবস্থারও প্রতিফলন ঘটেছে তাদের রিজার্ভ ফান্ডে। ২০২৫ এর ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, এলআইসির হাতে আনুমানিক ১.৪৬ লক্ষ কোটি টাকার ফান্ড রয়েছে।
প্রসঙ্গত, ইরান এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক বৈঠক ব্যর্থ হওয়ার কারণে গোটা বিশ্বজুড়ে শেয়ার বাজারে যে ধস নেমেছিল, তার প্রভাব পড়েছে এলআইসির উপরেও। কিন্তু প্রবল অস্থিরতার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে এই বিমা সংস্থা। বিএসই এলআইসির শেয়ার ০.৭১% বৃদ্ধি পেয়ে ৮০৪.২৫ টাকা দামে বন্ধ হয়েছে।
এদিকে গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এলআইসি বিরাট লাভ করে। তাদের নিট মুনাফা ১৭.৪% বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১২,৯৩০.৪৪ কোটি টাকায়। পাশাপাশি নিট প্রিমিয়াম আয় ১৭.৪% বেড়ে ১,২৫,৯৮৮.১৫ কোটি টাকায় পৌঁছয়। আর বার্ষিক ভিত্তিতে মোট আয় ২,০১,৯৯৪ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় ২,৩৩,৯৮৪ কোটি টাকা।
আরও পড়ুন: দিনে ৪৫ টাকা জমিয়ে মিলবে ২৫ লাখ, দারুণ স্কিম LIC-র
শেয়ারবাজারে উত্থানপতন
বলে দিই, ২০২২ সালের ১৭ মে এলআইসি শেয়ারবাজারে পা রেখেছিল। ৯৪৯ টাকার ইস্যু প্রাইসের তুলনায় ৮% ডিসকাউন্টে লিস্টিং হওয়ার পর থেকেই দীর্ঘ লড়াই করছে এই স্টক। তবে ২৯ মার্চ ২০২৩ তারিখে এটি ৫৩০.২০ টাকার রেকর্ড নিমস্তরে নেমে গিয়েছিল। যদিও ১ আগস্ট ২০২৪ এ এটি ১২২১.৫০ টাকার রেকর্ড স্তর স্পর্শ করে। যদিও লিস্টিং এর থেকে ৫২ শতাংশ উপরে থাকলেও এটি এখনও পর্যন্ত তার সর্বকালের উচ্চস্তর থেকে প্রায় ৩৪% তলানিতে ট্রেড করছে।












