গায়ক অঙ্কিতকে গুলি করে খুন, জিম থেকে বেরোতেই হামলা দুষ্কৃতীদের

Published:

Ankit Baliyan

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার সঙ্গীত জগতে নেমে এল গভীর শোকের ছায়া। এবার গুলি করে খুন করা হল হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান (Ankit Baliyan)-কে। গুলিতে রীতিমতো ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাঁকে। এদিকে এহেন ঘটনার জেরে উত্তর প্রদেশের শামলিতে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। জানা গিয়েছে, জিম থেকে বেরোতেই দুষ্কৃতীরা অঙ্কিতকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালায়, এতে তিনি গুরতর আহত হন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

গুলি করে খুন বিখ্যাত গায়ককে

সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ৭টার দিকে অঙ্কিত বালিয়ান শামলির রোজকার মতো একটি জিম থেকে শরীরচর্চা সেরে বের হওয়ার পরপরই আগে থেকে ওঁত পেতে থাকা চারজন অপরাধী তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আততায়ীদের কাছে পিস্তল ছিল। তারা প্রায় ২০ রাউন্ড গুলি চালিয়ে অঙ্কিতকে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই অঙ্কিতের মৃত্যু হয়।

অঙ্কিত বালিয়ান কে ছিলেন?

অঙ্কিত মূলত শামলি জেলার বান্টিখেড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি গান ও অভিনয়ের জন্য হরিয়ানার রোহতক ও সোনিপতে থাকছিলেন । এরই মধ্যে, অঙ্কিত গত এক বছর ধরে জিমে নিয়মিত যাচ্ছিলেন। বুধবার সন্ধ্যায়, অঙ্কিত বালিয়ান শামলি কোতোয়ালি এলাকার জিম থেকে বের হওয়ার পরপরই দুষ্কৃতকারীরা হঠাৎ তাঁর ওপর গুলি চালায়। অঙ্কিতের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং হামলাকারীদের খোঁজে এলাকা অবরোধ করেছে। বর্তমানে, এই হত্যাকাণ্ডের পেছনে পুরনো শত্রুতা বা গ্যাংয়ের লড়াইকে কারণ হিসেবে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ পেট্রোল বা বিদ্যুতে নয়, জলে চলবে বাইক! প্রস্তুত ভারতের প্রথম হাইড্রোজেন মোটরসাইকেল

বলা হচ্ছে যে অঙ্কিত প্রতিদিন জিমে আসতেন। বুধবার সন্ধ্যায়, ট্রেনিং শেষে তিনি যখন প্রায় ২০-২৫ মিটার দূরে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন চারজন দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এতে তিনি নিহত হন। এই ঘটনায় পুলিশ সুপার (এসপি) এনপি সিং জানান, প্রশিক্ষণ শেষে জিম থেকে বের হওয়ার সময় চার অজ্ঞাতপরিচয় হামলাকারী অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে।এদিকে, এই ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা অঙ্কিত বালিয়ানের মরদেহ রেখে আড়াই ঘণ্টার জন্য শামলি মোড় অবরোধ করে রাখেন। তাঁরা প্রতিজ্ঞা করেন, অঙ্কিত বালিয়ানের হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা রাস্তায় অবস্থান করবেন।