বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফেসবুক খুললেই, সামনে আসতো সুন্দরীর (পোষ্য গরু) ভিডিও। হ্যাঁ, গোটা নেট দুনিয়া জুড়ে ব্যাপক ফেমাস সুন্দরী এবং সুন্দরীর মালকিন, বলা ভাল বন্ধু বিখ্যাত ভ্লগার সায়নী চক্রবর্তী (Sayoni Chakraborty)। তবে এবার থেকে আর সুন্দরীর সাথে দেখা যাবে না সায়নীকে। জানা যাচ্ছে, আত্মহত্যা করেছেন সুন্দরীর দিদি। কার্যত গোটা সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে সায়নীর মৃত্যুর খবরে। ভ্লগারের অনুগামীরাও এমন খবরে একপ্রকার ভেঙে পড়েছেন। কিন্তু ঠিক কোন কারণে মৃত্যুর পথ বেছে নিলেন সায়নী চক্রবর্তী?
হঠাৎ কেন আত্মঘাতী হলেন সায়নী?
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিলেন পশুপ্রেমী হিসেবে পরিচিত সায়নী চক্রবর্তী। মা এবং মেয়ের একটি যৌথ পেজের পাশাপাশি দুজনের আলাদা আলাদা পেজ থেকেও ভিডিও ছাড়তেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সায়নীর মা হিসেবেই বেশি পরিচিত ছিলেন মলি চক্রবর্তী। একদিন আগেও সায়নীদের পেজে আপলোড করা হয়েছিল সুন্দরীর ভিডিও। তবে এরপর থেকে নির্দিষ্ট ওই পেজটিতে আর কোনও ফটো বা ভিডিও আপলোড করা হয়নি। অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন নতুন পোস্ট আসবে! ঠিক সেই পর্বে বৃহস্পতিবার সায়নীর মৃত্যুর খবর প্রকাশ্যে এল।
জানা যায়, সম্প্রতি গ্রাজুয়েশন সম্পূর্ণ হয়েছিল ফেমাস ভ্লগারের। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি শেয়ার করেছিলেন তিনি। এরই মাঝে হঠাৎ সুন্দরীর দিদির মৃত্যুর খবর একেবারে নাড়িয়ে দিয়েছে নেট নাগরিকদের। কীভাবে মৃত্যু হল তাঁর? পরিবার সূত্রে খবর, খুব সম্ভবত আত্মহত্যা করেছেন সায়নী চক্রবর্তী। তবে সম্পর্ক নাকি অন্য কোনও কারণের জন্য আত্মহত্যার পথ বেছে নিলেন ভ্লগার তা জানা যায়নি। তবে কয়েকটি সূত্র মারফত খবর, দীর্ঘ বেশ কিছুদিন ধরেই প্রেমঘটিত সমস্যায় ভুগছিলেন সায়নী। অনেকেই মনে করছেন, বোধহয় সেখান থেকেই আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি।
অবশ্যই পড়ুন: নয়নার পর এবার কুণাল ঘোষের বাড়িতে হানা দিল CID, কী করেছেন তৃণমূল বিধায়ক?
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেও সায়নীর মা মলি চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় বেশ কয়েকটি ভিডিও।। সেখানে অবশ্য আলাদা করে সায়নী বা পরিবারের কাউকে দেখা যায়নি। বরং ভিডিওগুলিতে সুন্দরী এবং অন্য কয়েকটি পোষ্যকে দেখা গিয়েছিল। ঠিক কোন কারণে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিল সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত খোলসা করেননি মলি।










