বিদেশি হয়েও আন্দোলনে যোগ, অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ মুম্বই পুলিশের

Published:

Imran Khan

সহেলি মিত্র, কলকাতাঃ ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল অভিনেতা ইমরান খান (Imran Khan)-কে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, আমির খানের ভাগ্নে ও অভিনেতা ইমরান খানকে মুম্বাই পুলিশ দেশ ছাড়ার নোটিশ দিয়েছে। ‘জানে তু… ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করা ইমরানকে আগামী ২৮শে অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বলিউড অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ পুলিশের

১০ই অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর অভিনেতার বিরুদ্ধে এই নোটিশটি দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়েছিল, কিন্তু সেদিন রাতেই ইমরানকে ছেড়ে দেওয়া হয়। এর ঠিক দুই দিন পর, ১২ অক্টোবর, মুম্বাই পুলিশ (Mumbai Police) ইমরান খানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে। এক রিপোর্ট অনুযায়ী,  মুম্বাই পুলিশ এখন একটি ‘ভারত ছাড়ার নোটিশ’ জারি করেছে, যেখানে বলা হয়েছে যে ইমরান ভারতীয় নাগরিক নন, কিন্তু তা সত্ত্বেও তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তাই, অভিবাসন আইনের প্রাসঙ্গিক ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কিন নাগরিক হয়েও কীভাবে ভারতের বিক্ষোভে অংশগ্রহণ?

আসিকে ইমরান খান ১৯৮৩ সালের ১৩ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ম্যাডিসনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অনিল পাল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মা নুঝাত খান একজন মনোবিজ্ঞানী। ইমরানের দাদা কলকাতার একজন বাঙালি ছিলেন, যিনি একজন ব্রিটিশ মহিলাকে বিয়ে করেছিলেন। ইমরানের বাবা বাঙালি হিন্দু বংশোদ্ভূত একজন অ্যাংলো-ইন্ডিয়ান। তিনি মনসুর খানের সঙ্গে আইআইটি বোম্বেতে পড়াশোনা করেছেন। ইমরানের মা, পশতুন ও আরব বংশোদ্ভূত একজন মুসলিম মহিলা। তিনি পরিচালক-প্রযোজক নাসির হোসেনের কন্যা, পরিচালক-প্রযোজক মনসুর খানের বোন এবং অভিনেতা আমির খানের খুড়তুতো বোন। ইমরান খান জন্মসূত্রে একজন মার্কিন নাগরিক।

গত ১২ অক্টোবর মুম্বাই পুলিশ ৪৩ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। ১০ই অক্টোবর, শনিবার মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে বিক্ষোভ চলাকালীন বিকেল সাড়ে ৫টার দিকে আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করা হয়েছিল এবং রাত ৯টায় মুক্তি দেওয়া হয়। দিল্লির বিক্ষোভের সমর্থনে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। ইমরান খানের সঙ্গে ছিলেন তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং খুড়তুতো ভাই জেইন মেরি খান। পুলিশ তিনজনকেই আটক করে।

 

google button