প্রীতি পোদ্দার, কলকাতা: শহরে বসবাসকারী অবৈধ অভিবাসীদের খুঁজতে এবার আরও কড়াকড়ি হল বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)। একাধিক জায়গা থেকে আপাতত গ্রেফতার করা হয়েছে ৩১ বাংলাদেশিকে (31 Bangladeshis Arrested)। জানা গিয়েছে, তাদের এসএমভিটি বেঙ্গালুরু টার্মিনাল থেকে পশ্চিমবঙ্গের মালদা রেলস্টেশনে পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তা বজায় রেখে মালদহে অনুপ্রবেশকারীদের নিয়ে এসেছে ২০ পুলিশ কর্মী। আশঙ্কা করা হয়েছে গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে।
গ্রেফতার ৩১ বাংলাদেশি
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, মঙ্গলবার বিকালের দিকে ওই ৩১ বাংলাদেশিকে মালদায় নিয়ে আসা হয়েছে। তাঁদের সেখান থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সীমান্তরক্ষী বাহিনী BSF-এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ইলেকট্রনিক সিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) এম নারায়ণ। উল্লেখ্য, শহরে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের চিহ্নিত করতে বেঙ্গালুরু পুলিশ গত ৯ আগস্ট ‘অপারেশন মুক্তা’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছিলেন। তাতেই একের পর এক সফলতা অর্জন করে চলেছে পুলিশ।
বিভিন্ন এলাকায় কড়া নজরদারি
হোয়াইটফিল্ড বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) সাইদুল্লা আদাভাত জানিয়েছেন, বেঙ্গালুরু পুলিশ কমিশনারের নির্দেশে গোটা শহরজুড়ে ‘অপারেশন মুক্তা’ নামের এই বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, হোয়াইটফিল্ড ডিসিপি বিভাগের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ৫০০-রও বেশি পুলিশকর্মী ও আধিকারিক অভিযানে যুক্ত হয়েছেন। তবে সেক্ষেত্রে দরকার পড়লে আরও পুলিশ নিয়োগ করা হবে। আপাতত ইলেকট্রনিক সিটি এলাকায় ২৩টি বিশেষ দল ১,৯০৯ জনকে যাচাই করে ৪৩ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে।
আরও পড়ুন: অভিষেক পত্নী রুজিরার মিডিয়া ট্রায়াল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
হোয়াইটফিল্ড বিভাগের বিভিন্ন থানার আওতায় ৩০টিরও বেশি স্থানে নথি যাচাই চলছে। সন্দেহজনক কাউকে পাওয়া গেলে তাঁর পরিচয়পত্র ও অন্যান্য নথি পরীক্ষা করা হচ্ছে। বাংলাতেও অনুপ্রবেশকারী রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই বাংলাতেও বিজেপি সরকারের নির্দেশে কোনো বিশেষ অভিযান নামানো হবে, যদিও এই নিয়ে এখনও প্রশাসন কিছুই জানায়নি।










