সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও রকেটের গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি! প্রতিবেশী দেশে যুদ্ধ, পণ্যের দর ওঠানামা, বাজারের টালমাটাল পরিস্থিতি কাটিয়েও এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি (GDP of India) ৭.৮% বৃদ্ধি পেয়েছে। এমনকি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের পরিসংখ্যানের থেকে, তা তো বেশিই, পাশাপাশি রিজার্ভ ব্যাংকের দেওয়া ৭% পূর্বাভাসকেও অতিক্রম করেছে দেশের জিডিপি বৃদ্ধির হার। তবে কোথায় বাড়ল দেশের অর্থনীতি?
রকেটের গতিতে এগোচ্ছে দেশের অর্থনীতি
সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ভারতের জিডিপি বৃদ্ধির এই গতি আগের ত্রৈমাসিকে রেকর্ড করা সংশোধিত ৮.৬% প্রবৃদ্ধির চেয়ে কম ছিল, তবে গত বছরের একই ত্রৈমাসিকে ৬.৯% সম্প্রসারণের থেকে অনেকটাই বেশি। আর সেই সূত্রে ভারতের অর্থনীতির প্রসঙ্গ উঠলেই অনেকেই প্রশ্ন তোলেন, দেশের অর্থনীতির এই প্রবৃদ্ধি ঠিক কোথায় ঘটল? বেশ কয়েকটি তথ্য ঘেঁটে জানা গেল, অর্থনীতির এই প্রবৃদ্ধির পিছনে আসল ভূমিকা নিয়েছে পরিষেবা এবং সেকেন্ডারি সেক্টর। প্রকৃত গ্রস ভ্যালু অ্যাডেডের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮.২ শতাংশ, যার মধ্যে পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ এবং সেকেন্ডারি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৮.৬ শতাংশ। পাশাপাশি কৃষি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলকভাবে কিছুটা কম। এই খাতে দাঁড়িয়েছে ৩.৬ শতাংশ।
এদিকে রিয়েল এস্টেট, পেশাগত পরিষেবা খাতে ১২.১% প্রবৃদ্ধি হয়েছে বলেই জানা গিয়েছে। তাছাড়া বাণিজ্য, হোটেল, পরিবহন, যোগাযোগ এবং সংশ্লিষ্ট পরিষেবা খাতে বৃদ্ধি পেয়েছে ৮.৫%। অন্যদিকে জনপ্রশাসন, প্রতিরক্ষা এবং অন্যান্য পরিষেবা খাতে সম্প্রসারণ হয়েছে ৭.৫%। খুচরা বাণিজ্য বেড়েছে ১৮%, পাইকারি বাণিজ্য বেড়েছে ১৫.১%, প্রশাসনিক ও সহায়ক পরিষেবা বেড়েছে ১৪.৪% এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার সমর্থিত পরিষেবা থেকে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩.৫%। এছাড়া যন্ত্রপাতি ও সরঞ্জাম খাতে বৃদ্ধি পেয়েছে ৯.১% এবং বৈদ্যুতিক সরঞ্জামের উৎপাদন বেড়েছে ৭.৭%।
আরও পড়ুন: এবার বন্ধ হবে ক্যামাক স্ট্রিটের অফিস? বড় পদক্ষেপ দমকলের
পাশাপাশি দেশের সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজন বা পরিষেবার জন্য যে পরিমাণ টাকা খরচ করে, সেই প্রাইভেট ফাইনাল কনজাম্পসন এক্সপেন্ডিচার ৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি রফতানি বেড়েছে ১২ শতাংশ। অর্থনীতিবিদরা জানাচ্ছেন, দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কিছুটা কমতে পারে। এর সবথেকে বড় কারণ হল অপরিশোধিত তেল। আসলে পশ্চিম এশিয়ার যুদ্ধ ফের মাথাচাড়া দিয়ে দাঁড়াতেই তেলের দাম ব্যারেলপ্রতি অনেকটাই বেড়েছে। আর যেহেতু ভারতকে সিংহভাগ তেল আমদানি করতে হয়, তাই বৈদেশিক মুদ্রার উপর প্রভাব পড়লে জিডিপি বৃদ্ধির হারও কিছুটা ত্বরান্বিত হতে পারে।










