দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে বড় মাইলফলক অর্জন রেলের, হয়ে গেল বিরাট কাজ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প (India’s First Bullet Train) নিয়ে কৌতুহলী ভারতীয়রা। ঠিক কবে থেকে ভারতের বুক চিরে বুলেট ট্রেন দৌঁড়বে তার একটা সময় নির্ধারণ করে দিয়েছে ভারতীয় রেল। সেই মতোই দ্রুত গতিতে চলছে কাজ। এমতাবস্থায়, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে বড় মাইলফলক অর্জন করল রেল। জানা গিয়েছে, এই হাই স্পিড রেল করিডোরের কাজকে এগিয়ে নিয়ে যেতে মহারাষ্ট্রের তৃতীয় পাহাড়ি সুরঙ্গে খনন কাজ শেষ হয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সেই খবর নিশ্চিত করেছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড।

বুলেট ট্রেন প্রকল্পে বড় কাজ সেরে ফেলল রেল

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, প্রবল তৎপরতার সাথে এগোচ্ছে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ। সেই মতোই কাজে মনোযোগী হয়েছেন কর্মীরা। এমতাবস্থায়, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের তরফে জানানো হল, মহারাষ্ট্রের পালাঘর জেলার দাহানু তালুকের আম্বেসারি গ্রামে MT-07 সুরঙ্গের ব্রেকথ্রু বা দু প্রান্তের খনন কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

ওই বিবৃতিতে এও বলা হয়, বুলেট ট্রেন চলাচলের জন্য তৈরি সুরঙ্গটি লম্বায় 417 মিটার এবং চওড়ায় 14.4 মিটারের কাছাকাছি। এই সুরঙ্গটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপ এবং ডাউন উভয় দিক থেকেই যাতায়াত করতে পারে বুলেট ট্রেন। রেল সূত্রে খবর, বুলেট ট্রেন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ সুরঙ্গ কাটার ক্ষেত্রে ড্রিলিং এবং ব্লাস্টিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম এবং মেশিন দিয়ে কাটা হয়েছে সুরঙ্গ। আর এই কাজ ভারতীয় রেলের জন্য বড় মাইলফলক হলেও গোটা বিষয়টি কর্মীদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের তরফে আরও জানানো হয়, সুরঙ্গ খননের সময় ভূমির কম্পন, সুরঙ্গের আচরণ এবং ভূমির ধসে যাওয়া সহ আশে পাশের গোটা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয়েছিল পর্যাপ্ত যন্ত্রাদী। এছাড়াও শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে সুরঙ্গের ভেতরেই রাখা হয়েছিল বায়ু চলাচলের ব্যবস্থা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা থেকে শুরু করে সব রকম সুবিধা। বিশেষজ্ঞরা বলছেন, বুলেট ট্রেন প্রকল্পের অন্যতম চ্যালেঞ্জিং সুরঙ্গ কাটার কাজ শেষ হওয়ায় মুম্বই-আহমেদাবাদ প্রকল্প অনেকটাই গতি পেল।

অবশ্যই পড়ুন: দল চ্যাম্পিয়ন হতেই নিষিদ্ধ হলেন RCB-র তারকা ক্রিকেটার, বড় পদক্ষেপ BCCI-র

প্রসঙ্গত, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে মোট 8টি সুরঙ্গ নির্মাণের পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। যার মধ্যে সাতটিই রয়েছে মহারাষ্ট্রের পালাঘর জেলায়। বাকি একটি রয়েছে গুজরাতে। রেলের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির তরফে জানানো হয়েছে, এই সুরঙ্গগুলির মধ্যে বর্তমানে MT-4 সুরঙ্গের 40 শতাংশ নির্মাণ কাজ এখনও বাকি। এছাড়াও MT-3 সুরঙ্গের 80 শতাংশেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি MT 1 এবং 2 দুইয়েরই কাজ এগোচ্ছে দ্রুত গতিতে।