দেশের প্রথম অন-ডিমান্ড ডেলিভারি শুরু, এবার নিমিষেই বাড়িতে পাবেন গ্যাস সিলিন্ডার

Published:

HPCL Gas Cylinder Delivery

অনন্যা সরকার, বেঙ্গালুরু: এবার বুক করলেই কয়েক মিনিটের মধ্যে আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)। ভারতে এই প্রথমবার কুইক কমার্স প্ল্যাটফর্ম, ইন্সটামার্ট (Instamart)-এ শুরু হয়েছে এলপিজি সিলিন্ডারের অন-ডিমান্ড ডেলিভারি (On-Demand)।  হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) সঙ্গে জোট বেঁধে এই পরিষেবাটি চালু করেছে ইন্সটামার্ট। সংস্থার তরফে জানানো হয়েছে, এটি দেশের প্রথম এমন কুইক কমার্স পরিষেবা, যার মাধ্যমে গ্রাহকরা অ্যাপ থেকে এলপিজি সিলিন্ডার অর্ডার করলে কয়েক মিনিটের মধ্যেই ডেলিভারি পাবেন।

অন-ডিমান্ড ডেলিভারি চালু এলপিজি সিলিন্ডারের 

বর্তমানে বেঙ্গালুরুতে এই পরিষেবাটি চালু হয়েছে। এই শহরের গ্রাহকরা ইন্সটামার্টের মাধ্যমে এইচপিসিএল-এর নতুন ১০ কেজি এইচপি নব্য (HP Navya) কম্পোজিট এলপিজি সিলিন্ডার এবং ৫ কেজি মেটাল সিলিন্ডার অর্ডার করতে পারবেন। ইন্সটামার্ট অদূর ভবিষ্যতে এই পরিষেবাটি অন্যান্য শহরেও সম্প্রসারণ করবে বলে আশা করা হচ্ছে। 

প্রসঙ্গত, এইচপিসিএল-এর নতুন এইচপি নব্য সিলিন্ডার প্রচলিত এলপিজি সিলিন্ডারের চেয়ে অনেকটাই হালকা। এটি মরচে-প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি এবং এই সিলিন্ডারের বডিতে স্বচ্ছ ডিজাইন থাকার কারণে এতে অবশিষ্ট গ্যাসের পরিমাণ সহজেই দেখা যায়। হিন্দুস্তান পেট্রোলিয়াম জানিয়েছে, এই কম্পোজিট এলপিজি সিলিন্ডার ছোট পরিবার, কলেজ পড়ুয়া এবং অ্যাপার্টমেন্টে থাকা কর্মজীবীদের জন্য ডিজাইন করা হয়েছে। 

আরও পড়ুনঃ ছিলেন চন্দ্রযান-৩ এর সাথে যুক্ত, ইসরো থেকে একযোগে পদত্যাগ শতাধিক বিজ্ঞানীর

সবচেয়ে উল্লেখযোগ্য হল, নতুন কম্পোজিট গ্যাস সিলিন্ডার কেনার জন্য আগে থেকে কোনো ডোমেস্টিক এলপিজি কানেকশন থাকা আবশ্যকতা নেই। এই সিলিন্ডারের প্রথম অর্ডারটিকেই একটি নতুন সংযোগ বা কানেকশন হিসেবে গণ্য করা হবে এবং পরবর্তী অর্ডারে খালি এইচপিসিএল সিলিন্ডার রিফিলের জন্য ফেরত পাঠানো যাবে। ইন্সটামার্ট থেকে অর্ডার করা গেলেও, ডেলিভারি করবেন এইচপিসিএল-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই। কোম্পানি জানিয়েছে, এই উদ্যোগের পিছনে তাদের প্রধান লক্ষ্য হল এলপিজি সিলিন্ডার কেনা এবং রিফিল করার প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও সহজ করে তোলা এবং প্রয়োজন পড়লে গ্রাহকদের জন্য দ্রুত পরিষেবা নিশ্চিত করা।