লুকিয়ে ছিল বিহারের গ্রামে, নিট বিতর্কের মাঝেই গ্রেফতার TET-র প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড

Published:

TET Question Leak

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রশ্নফাঁসের অভিযোগে যখন তোলপাড় গোটা দেশ, সেই সময় বিরাট সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেটের প্রশ্নফাঁস (TET Question Leak) মামলার অন্যতম অভিযুক্ত এবং তদন্তকারীদের দাবি অনুযায়ী মাস্টারমাইন্ড বিজেন্দ্র কুমার গুপ্তকে বিহারের সমস্তিপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি এখান থেকে গুরুত্বপূর্ণ কোনও তথ্য উঠে আসতে পারে বলেই দাবি তদন্তকারী অফিসারদের।

বিহার থেকে গ্রেফতার টেটের প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড

পুলিশ সূত্রে খবর, বিহারের সমস্তিপুর জেলার বিদ্যাপতিনগর থানার অন্তর্গত শেরপুর গ্রামে অভিযান চালিয়ে বিজেন্দ্র গুপ্তকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের চোখ এড়িয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন বলেই অভিযোগ। গোপন সূত্রে খবর পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এমনকি মহারাষ্ট্র পুলিশের দাবি, অভিযুক্তের সন্ধানে বিহার ছাড়াও দিল্লি, উত্তর প্রদেশ এবং হরিয়ানাসহ একাধিক রাজ্যে তল্লাশি চালানো হয়েছিল।

এদিকে তদন্তে আরও উঠে আসছে, এই মামলায় বিজেন্দ্র গুপ্তের পরিবারের সদস্যরাও জড়িত। এর আগে তাঁর স্ত্রী সুমনা গুপ্তকে পাটনা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই বিজেন্দ্র বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে চলার চেষ্টা করছে। এমনকি তাঁর পরিবার এখনও বিহারের শেরপুর গ্রামেই বসবাস করে। স্থানীয়দের দাবি, তার বাবা বালেশ্বর সাহ গ্রামের একটি ছোট্ট আটা চাক্কি চালিয়ে সংসার চালান। তবে এরকম সাধারণ একটি পরিবারের সদস্যের বিরুদ্ধে প্রশ্নফাঁসের মামলা জড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: সেলফ এনুমারেশনের উপর জোর, জনগণনার সাথে হবে একাধিক কাজ, জানালেন মুখ্যসচিব

প্রসঙ্গত, নিটের প্রশ্নফাঁসের অভিযোগে তোলপাড় গোটা দেশ। ককরোচ জনতা পার্টির সমর্থনে এখন দিল্লি থেকে শুরু করে অন্যান্য রাজ্যেও চলছে আন্দোলন। যদিও কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই ইতিবাচকমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তবে তারই মধ্যে মহারাষ্ট্র পুলিশের এই সাফল্য আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তদন্তকারী অফিসারদের মতে, থানেতে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা উঠে আসতে পারে।