অনন্যা সরকার, কলকাতা: সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণের জন্য ভারতীয় রেল (Indian Railways) দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের কাছে একটি বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় মাধ্যম। রেল কর্তৃপক্ষ এবার দীপাবলির আগে রেলযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে, আগামী ২৭ অক্টোবর থেকে রেল স্টেশনের কাউন্টার থেকে কেনা টিকিটেও ভ্রমণ বিমার (Train Travel Insurance) সুবিধা পাওয়া যাবে। এর আগে, এই সুবিধাটি শুধুমাত্র তারাই পেতেন, যারা আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতেন। কাউন্টার থেকে কেনা টিকিট বিমার আওতাভুক্ত ছিল না। এই নতুন নিয়মটি বৈষম্য দূর করে অফলাইন ও অনলাইন বুকিংকে সমতুল্য করে তুলেছে। এর ফলে লাভ হবে যাত্রীদের।
সুপ্রিম কোর্টের নির্দেশিকায় এবার কাউন্টার টিকিটেও বিমা
২০২৩ সালের জুন মাসে ওড়িশায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ৬ অক্টোবর, বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি আর. মহাদেবনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রেল কর্তৃপক্ষকে কাউন্টারে বিক্রি হওয়া সমস্ত টিকিটের জন্য বিমা কভারেজ প্রদান করার নির্দেশ দেয়। আদালত রেলওয়ে বোর্ডকে সতর্ক করে দেয় যে, এই নির্দেশিকা পালনে ব্যর্থ হলে ভারতীয় রেল কর্তৃপক্ষকে সরাসরি জবাবদিহি করতে হবে। এখন রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ব্যবস্থাটি ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে।
বিদ্যমান ঐচ্ছিক ট্রেন ট্র্যাভেল ইন্স্যুরেন্স স্কিমের অধীনে, জনপ্রতি প্রিমিয়াম দিতে হয় কর সহ মাত্র ৪৫ পয়সা। এর পরিপ্রেক্ষিতে, দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে রেলের এই পলিসি ১০ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা প্রদান করে। তবে এখনও পর্যন্ত, কাউন্টারে বুক করা টিকিটের জন্য প্রিমিয়াম, প্রয়োজনীয় কাগজপত্র ও ইন্স্যুরেন্স ক্লেম করার প্রক্রিয়া সংক্রান্ত নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: ‘সরকার মন্দিরের সম্পত্তির মালিক নয়’ বিজয় গভর্মেন্টকে ঝটকা দিয়ে জানাল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, এই সিদ্ধান্তটি থেকে বিশেষ করে সেইসব যাত্রীরা উপকৃত হবেন, যারা অনলাইন পরিষেবা ব্যবহার করেন না এবং শুধুমাত্র রিজার্ভেশন কাউন্টারের ওপরই নির্ভর করেন। এটি বুকিং ব্যবস্থার ওপর ভিত্তি করে যাত্রী নিরাপত্তার যে ঘাটতি ছিল, তা পূরণ করবে।










