২৪ কোচের বন্দে ভারতের জন্য ৩০৭ কোটিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক মেনটেনেন্স হাব

Published:

Maintenance Hub for Vande Bharat

অনন্যা সরকার, গুজরাট: ৩০৭ কোটি টাকা ব্যয়ে গুজরাটের সবরমতিতে বন্দে ভারত (Vande  Bharat) ট্রেনের জন্য একটি আধুনিক রক্ষণাবেক্ষণ কেন্দ্র (Maintenance Hub) তৈরি করা হচ্ছে। পশ্চিম রেলওয়ের (Western Railway) আহমেদাবাদ ডিভিশন এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে, যা সবরমতি ইন্টিগ্রেটেড কোচিং ডিপো (ICD)-এর দ্বিতীয় পর্যায়ের অংশ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ২৪-কোচ বিশিষ্ট বন্দে ভারত ট্রেনের নিয়মিত ও বড় ধরনের মেরামতের সব সুবিধা এক জায়গায় নিয়ে আসা, যাতে রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনগুলোকে বিভিন্ন শহরে নিয়ে যাওয়ার প্রয়োজন না হয়। কী কী সুবিধা থাকবে এই মেরামত কেন্দ্রে আসুন জেনে নেওয়া যাক। 

সবরমতিতে গড়ে উঠছে বন্দে ভারতের নতুন ‘অল-ইন-ওয়ান’ মেরামত কেন্দ্র

বন্দে ভারতের নয়া মেরামত কেন্দ্রটিকে ২৪-কোচ বিশিষ্ট ট্রেনের নির্ধারিত এসএস-১ (SS-1) এবং এসএস-২ (SS-2) রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। একটি এসএস-১ রক্ষণাবেক্ষণ চক্র সম্পন্ন করতে প্রায় ৩০ দিন এবং এসএস-২ চক্রের জন্য প্রায় ৪৫ দিন সময় লাগে। এই কেন্দ্রে বছরে প্রায় ১২টি ট্রেনের এসএস-১ ও ৮টি ট্রেনের এসএস-২ রক্ষণাবেক্ষণ কাজ করার সক্ষমতা থাকবে।

এই প্রকল্পের হেভি রিপেয়ার শেডটি ৮৬,৫৯৭ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, যা ৩২২ মিটার লম্বা এবং ২৫ মিটার চওড়া হবে। এর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে এবং এই শেডে দুটি মেইনটেনেন্স লাইন থাকবে। প্রথম লাইনে কোচ তোলার জন্য বিশেষ জ্যাক থাকবে, যা বগি সিস্টেম খুলে মেরামত করতে সহায়তা করবে। আর দ্বিতীয় লাইনে কোচের ভিতরের অংশ, ব্রেকিং সিস্টেম, যাত্রীদের সুযোগ-সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামের কাজগুলি হবে।

আরও পড়ুন: চালু হল হলদিয়া থেকে মায়াপুর ISKCON যাওয়ার রাতের বাস, দেখে নিন রুট ও সময়সূচি

এরপর থাকছে চাকা ও এক্সেল মেরামতের শেড, যা ৭৫ মিটার লম্বা এবং ৪০ মিটার চওড়া হবে। এটি ৩২,২৯২ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত হবে। এই শেডের নির্মাণকাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এটি হস্তান্তরের জন্য তৈরি। এই অংশে হুইল ব্যালেন্সিং সরঞ্জাম, কম্পিউটার-নিয়ন্ত্রিত যন্ত্রপাতি এবং হাইড্রোলিক হুইল প্রেস থাকবে, যা চাকা ও এক্সেলের ওভারহল, সারফেস পুনর্নির্মাণ এবং চাকার গোলাকার আকৃতি ফিরিয়ে আনার কাজ সহজতর করবে।

এছাড়াও, এই মেরামত কেন্দ্রের চারটি স্টেবলিং লাইনে প্রায় ২,৫৪৭ মিটার রেল ট্র্যাক বসানো হয়েছে। ৩০ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া একটি বৈদ্যুতিক সাব-স্টেশন বিল্ডিং নির্মাণ করে তা রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।  এটি পুরো ডিপোর বিদ্যুতের চাহিদা মেটাবে। বন্দে ভারতের এই মেরামত কেন্দ্রটি পুরোপুরি চালু হওয়ার পর, একটি কমপ্লেক্সেই বৈদ্যুতিক সরঞ্জাম, কোচ এবং চাকা মেরামতের জন্য বিশেষ সুবিধা মিলবে। এর ফলে আহমেদাবাদ ডিভিশনের আধুনিক ট্রেন রক্ষণাবেক্ষণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

google button