সৌভিক মুখার্জী, কলকাতা: এবার কৃষক ও শিক্ষকদের (Farmer and Teacher) বড় উপহার দিল রাজ্য সরকার। আগের সরকারের আমলে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া কৃষক এবং শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা করেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী বুধবার বিধানসভায় ১১০ নম্বর বিধির আওতায় এই ঘোষণা করেন। সরকার জানিয়েছে, জীবিকা, অধিকার এবং জনকল্যাণ সম্পর্কিত বিষয়ে ২০২১ এর মে থেকে ২০২৬ এর এপ্রিল পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষক ও কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার করা হবে।
শিক্ষক ও কৃষকদের স্বস্তির খবর শোনাল সরকার
এই ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুর টিভিকে সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি এদিন বিধানসভায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে এটিকে মানবিক আর গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবেই বর্ণনা করেন। এমনকি তিনি জানান, সরকার আইনের আওতায় মত প্রকাশের স্বাধীনতা এবং প্রতিবাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মামলাগুলি প্রত্যাহার করা হলে গণতান্ত্রিক অধিকার আরও শক্তিশালী হবে, আর সরকার এবং জনগণের মধ্যে আস্থা বাড়বে।
প্রসঙ্গত, সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন তিরুভান্নামালাইয়ের সিপকোট শিল্পাঞ্চল প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকরা। এই প্রতিবাদকারীদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে গুন্ডা আইনে মামলা দায়ের করা হয়েছিল। এর পাশাপাশি প্রস্তাবিত পারান্দুর বিমানবন্দরের বিরুদ্ধে দীর্ঘদিনের কৃষক আন্দোলনে জড়িতরাও উপকৃত হবেন। এই প্রকল্পের কারণে কৃষি জমি, জলাশয় এবং জীবিকা হারানোর আশঙ্কায় কৃষকরা প্রতিবাদ করেছিলেন। নিজেদের দাবি এবং অধিকারের জন্য প্রতিবাদকারী শিক্ষকদের বিরুদ্ধেও দায়ের করা মামলাগুলি এবার প্রত্যাহারের ঘোষণা করেছে বিজয় সরকার।
আরও পড়ুন: অতিরিক্ত জল ছাড়ছে ডিভিসি, এই জেলাগুলিতে বন্যার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট
তবে সরকারের এই সিদ্ধান্তে বিধানসভায় তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। এমনকি বিরোধী দলগুলি এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তোলে এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর বিক্ষোভকারী অভিযুক্তদের বিরুদ্ধেও এফআইআর তোলার দাবি জানায়। তবে অনেকেই আবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী এমআরকে পনিরসেলভম বিজয়ের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, গত ১০০ দিনের ফসলের ঋণ নিয়ে প্রতিবাদকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি সরকার প্রত্যাহার করবে কিনা। তবে সে বিষয়ে বিধানসভার স্পিকার কোনও মন্তব্য করেননি।










