বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট (Satellite Internet) পরিষেবা চালু করা নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে মুকেশ আম্বানির জিও এবং মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিঙ্কের (Starlink) মধ্যে। তবে অনেকেই হয়তো জানেন না, দেশের বাজারে এই মুহূর্তে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রে এই দুই সংস্থার পাশাপাশি প্রতিযোগিতায় রয়েছে আরও একটি বৃহৎ সংস্থা। না বললেই নয়, ইউটেলস্যাট ওয়ানওয়েব নামক ভারতী এয়ারটেল সমর্থিত এই সংস্থা ইতিমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর কাছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে সাহায্য করেছে।
স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা খাতে তৃতীয় প্রতিযোগী
বিশ্বের একাধিক দেশে নেটওয়ার্ক রয়েছে মাস্ক সংস্থা স্টারলিঙ্কের। সেই মার্কিন সংস্থাই এবার ভারতে প্রবেশের অপেক্ষায়। যদিও সম্প্রতি টেসলা কর্তা নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছিলেন স্টারলিঙ্ককে ভারতের বাজারে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে আম্বানির নাম উল্লেখ করেছিলেন তিনি। যদিও পরবর্তীতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। এক কথায় বলা যায়, দেশের বাজারে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে স্টারলিঙ্ক এবং জিওর। আর সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে তৃতীয় সংস্থা ইউটেলস্যাট ওয়ানওয়েবও।
Inc42 এর রিপোর্ট অনুযায়ী, ওয়ানওয়েব জানিয়েছে, ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিতে তারা তাদের যাবতীয় পরিকাঠামো তৈরি করে রেখেছে। সংস্থাটির তরফে জানানো হয়, তারা ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য বেশিরভাগ কাজই শেষ করে ফেলেছে। এখন অপেক্ষা শুধুমাত্র সরকারি ছাড়পত্রের। অন্যদিকে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার বড় পরিকল্পনা করছে।
আরও পড়ুন: TRAI-র নতুন নিয়মের জের, Airtel আনল শুধু কলিংয়ের সস্তার প্ল্যান, জানুন দাম
আম্বানির সংস্থা ইতিমধ্যেই প্রায় 1600টি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। সব ঠিক থাকলেই জিও 2027 সালের মধ্যেই এই বিশেষ পরিষেবা চালু করে দিতে পারে। তবে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিকল্পনা চললেও জিওর তরফে এখনও পর্যন্ত কোনও স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়নি। সব মিলিয়ে বলাই যায়, ভারতের বাজারে এই মুহূর্তে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে জিও, স্টারলিঙ্ক এবং ওয়ানওয়েব, তিন সংস্থার মধ্যেই প্রতিযোগিতা রয়েছে।










