ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া দিলেন ওয়াংচুক, ‘ককরোচদের জয়’ বলে আখ্যা অভিজিতের

Published:

Dharmendra Pradhan

সৌভিক মুখার্জী, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন দিল্লি পেরিয়ে বিভিন্ন রাজ্যে পৌঁছে গিয়েছিল। তাদের একটাই দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগ। যদিও এতদিন চুপ থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দাবিকে মান্যতা দিলেন তিনি। শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগপত্র পাঠিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এমনকি তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাঁর এই পদত্যাগ। তবে এবার আরশোলাদের দাবি কী?

পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি রুখতেই আন্দোলন নামে ককরোচ জনতা পার্টি। এমনকি তাদের হয়ে অনশনে বসেন সোনম ওয়াংচুক। সিজেপির দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনও শর্তে তারা আন্দোলন প্রত্যাহার করবে না বলেই জানিয়েছিল। এমনকি এ বিষয়ে কেন্দ্র সরকারের সাথে তাদের প্রতিনিধিদের বৈঠক হয়, এবং কেন্দ্রীয় তরফ থেকে তাদের দাবি মান্যতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি আজ বিকেলেও তৃতীয় দফার বৈঠকের কথা ছিল। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী মোদীকে পদত্যাগপত্র পাঠালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিয়ম মতোই প্রধানমন্ত্রী সেই চিঠি রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন, এবং রাষ্ট্রপতি সেই ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন।

তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া দিয়েছেন সোনম ওয়াংচুক সহ ককরোচ প্রধান অভিজিৎ দীপকেরা। কেন্দ্র শিক্ষামন্ত্রীর পদত্যাগকে সরাসরি গণতন্ত্রের জয় বলে আখ্যা করেন অভিজিৎ। তিনি বলেন, এটাই প্রমাণ যে ভয় পেলে চলবে না। সরকারের সামনে মাথা নত না করলে ওরা পদত্যাগ করতে বাধ্য হবে। আর মাথায় রাখবেন, ককরোচ একবার ঢুকলে আর বেরোয় না। তবে তা সত্ত্বেও অভিজিৎ স্পষ্ট জানান, বাকি দুটি দাবিও মানতে হবে কেন্দ্র সরকারকে। যার মধ্যে একটি হল নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা করে দিতে হবে। এছাড়া যে সমস্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, সেইগুলি তুলে নিতে হবে।

আরও পড়ুন: কোনও মহিলা বাদ যাবে না অন্নপূর্ণা যোজনা থেকে! বিধায়কদের বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

তবে ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া দিয়েছেন সোনম ওয়াংচুকও। তিনিও এক গণতন্ত্রের জয় বলে অভিহিত করেন। তিনি জানান, “এটি গণতন্ত্রের বিজয়। প্রত্যক্ষ গণতন্ত্র… তাও সরাসরি রাজপথ থেকে। এটি শান্তির, ধৈর্য্য এবং অধ্যাবসায়ের বিজয়। পাশাপাশি সিজেপিকে অভিনন্দন এবং ভয় ও ভীতি প্রদর্শনকে জয় করে দেশের প্রতিটি কোণ থেকে জেগে ওঠার জন্য আপনাদের সকলকেই জানাই ধন্যবাদ। জবাবদিহিতা এখন শুধুমাত্র সংস্কারের পালা।”