প্রতিদিন নেওয়ার ঝামেলা শেষ, বিশ্বে প্রথম ভারতে লঞ্চ হল সাপ্তাহিক ইনসুলিন, জানুন দাম

Published:

Basal Insulin Awiqli

অনন্যা সরকার, কলকাতা: ভারতের ডায়াবেটিস রোগীদের জন্য এল বড় সুখবর। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভো নরডিস্ক (Novo Nordisk) বুধবার ভারতে লঞ্চ করেছে Awiqli (Insulin Icodec)। সংস্থা জানিয়েছেন, এটি হল টাইপ ১ (Type 1 Diabetes) এবং টাইপ ২ ডায়াবেটিসে (Type 2 Diabetes) আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য বিশ্বের প্রথম সপ্তাহে একবার ব্যবহারযোগ্য একটি বেসাল ইনসুলিন। ফলে শেষ হবে প্রতিদিন ইনসুলিন নেওয়ার ঝামেলা। বছরে ৩৬৫টি ইনসুলিন ইনজেকশনের পরিবর্তে মাত্র ৫২টি ইনজেকশনেই কাজ হয়ে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য হল, সারা বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ, যেখানে এই বেসাল ইনসুলিন চালু হয়েছে। 

বিশ্বের প্রথম সাপ্তাহিক বেসাল ইনসুলিন চালু হল ভারতে

নোভো নরডিস্ক জানিয়েছে, ভারতে ইনসুলিন থেরাপি শুরু করার ক্ষেত্রে যে বিলম্ব হয়, তা কমানোর লক্ষ্যেই অ্যাউইক্লি (Awiqli) এদেশে আনা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রোগীদের মধ্যে ইনসুলিন থেরাপি শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো রোজকার ইনজেকশন নেওয়ার ভয়, যার ফলে চিকিৎসা শুরু হতেই গড়ে সাত থেকে নয় বছর পর্যন্ত বিলম্ব হয়।

Awiqli ইনসুলিনের দাম

ডেনমার্কের সংস্থাটি ২,৬১১ টাকায় ৭০০ ইউনিটের একটি প্যাক চালু করেছে। অর্থাৎ এই ইনসুলিনের প্রতি ইউনিটের দাম পড়বে ৩.৭৩ টাকা, যা বর্তমানের দৈনিক বেসাল ইনসুলিনের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ সস্তা হবে বলে দাবি। যদি কোনো রোগীর দৈনিক ১০ ইউনিট ইনসুলিনের প্রয়োজন হয়, তবে সপ্তাহে ৭০ ইউনিট ইনসুলিন লাগবে, যার জন্য প্রতি সপ্তাহে প্রায় ২৬১ টাকা খরচ হবে। এটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ২,৬১১ টাকা দামের একটি ১ মিলি (৭০০ ইউনিট) পেন এবং ৭,৮৩৩  টাকা দামের একটি ৩ মিলি (২,১০০ ইউনিট) পেন। বর্তমানে দৈনিক ডোজের ৭০ ইউনিট বেসাল ইনসুলিনের বাজার মূল্য ৩৪৫ থেকে ৪৫৩ টাকা। Awiqli আগামী সপ্তাহে ভারতীয় বাজারে কেনার জন্য উপলব্ধ হবে।

প্রসঙ্গত, ভারতে ১০ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন। আর ১৩ কোটি ৬০ লক্ষ মানুষ প্রি-ডায়াবেটিকে বা ডায়াবেটিসের দোরগোড়ায় দাঁড়িয়ে। এদেশে ৯ লক্ষেরও বেশি মানুষ টাইপ ১ ডায়াবেটিসে ভুগছেন, যাদের চিকিৎসার প্রধান অবলম্বনই হল ইনসুলিন। তবে, টাইপ ২ ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রায় ১০ শতাংশের ইনসুলিন থেরাপির প্রয়োজন হয়।

নোভো নরডিস্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয়া জানিয়েছেন যে, অ্যাউইক্লি সপ্তাহে একবার একটি ফ্লেক্সটাচ পেন (FlexTouch Pen) ডিভাইসের মাধ্যমে রোগীদের শরীরে প্রয়োগ করা যাবে। এটি যেমন একদিকে চিকিৎসার বোঝা কমাবে, তেমনই রোগীদের মধ্যে ইনসুলিন থেরাপি শুরু করার অনীহা কমাবে।

আরও পড়ুনঃ ৫১ টাকার রিচার্জের সাথে সিম ফ্রি, মেগা অফার BSNL-র, কত দিন চলবে?

ONWARDS-1 ক্লিনিক্যাল প্রোগ্রাম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দৈনিক ইনসুলিন গ্লারজিন ইউ-১০০ (Insulin Glargine U-100)-এর তুলনায় অ্যাউইক্লি, HbA1c কমানো এবং রক্তে শর্করার মাত্রা বজায় রাখার ক্ষেত্রে আরও ভালো ফলাফল দেখিয়েছে। কোম্পানি দাবি করেছে যে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত অনেক রোগী হাইপোগ্লাইসেমিয়া (Hypoglycemia) ছাড়াই তাদের HbA1c ৭ শতাংশের নীচে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। 

আরও Diabetes India Insulin