সৌভিক মুখার্জী, কলকাতা: মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ড! তা সত্ত্বেও ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন শেখ হাসিনা (Sheikh Hasina)। নিজেই একথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। এমনকি আত্মসমর্পণ করতেও রাজি তিনি। সেই খবর প্রকাশ্যে আসতেই ওপার বাংলার আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর যে দেশে ফেরা সহজ হবে না তা স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশের এক সরকারি আইনজীবী। দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে চলছে জল্পনা।
দেশে ফিরলেই গ্রেফতার হাসিনা?
প্রসঙ্গত, ২০২৪ সালে ছাত্র আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিতে হয় তাঁকে। সেই সময় থেকে জল অনেকদূর গড়িয়েছে। তৎকালীন সময়ে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় দেড় বছর দেশটি চালিয়েছিল। এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ওপার বাংলায়। আর সবথেকে বড় ব্যাপার, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। অবশেষে স্বাধীন নির্বাচনের মাধ্যমে দেশটির কুর্সিতে বসেন বিএনপি নেতা তারেক রহমান তথা খালেদা জিয়ার পুত্র।
কয়েকদিন আগেই সংবাদমাধ্যমকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে তাঁকে ফিরতেই হবে। এমনকি আগামী ডিসেম্বর মাসেই তিনি দেশে ফিরবেন বলে জানান। তাঁর কথায়, “বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সোনার বাংলা গড়াই আমার লক্ষ্য। মৃত্যুর ভয় আমি পাই না। প্রয়োজনে আত্মসমর্পণ করতে রাজি।” কিন্তু এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতের চিপ প্রসিকিউটর তথা সরকারি আইনজীবী মহম্মদ আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন যে, তাঁকে আর কোনওরকম সুযোগ দেওয়া হবে না। দেশে পা রাখা মাত্রই হাসিনাকে সোজা গ্রেফতার করে জেলে পাঠানো হবে। এমনকি তিনি জানান যে, কোনও মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জামিনে ছাড়া পেয়েছেন এরকমটা আগে হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তা হবে না।
আরও পড়ুন: ভারতে ফের করোনা সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে মৃত ২! ওড়িশায় অ্যালার্ট
আইনজীবীর আরও দাবি, শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে রয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি দেশে ফিরে আত্মসমর্পণের চেষ্টা করবেন। কিন্তু সেখানে কোনও আইনি সুযোগ নেই। নির্বাসনে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গ্রেফতার তাঁকে হয়েই আসতে হবে। এমনকি বাংলাদেশ সরকারের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে তুলে দিতে হবে ভারত সরকারকে। হয় প্রত্যাবর্তন চুক্তি মানতে হবে, নাহয় তাঁকে পুশব্যাক করতে হবে। দেশে পা রাখা মাত্র আর তিনি কোনও সুযোগ পাবেন না। সোজা জেলযাত্রা হবে তাঁর।










