অনন্যা সরকার, কলকাতা: ঘর পরিষ্কার করার সময় আমার মূলত মেঝে, দেওয়াল, আসবাবপত্র কিংবা রান্নাঘরের দিকে বিশেষ নজর দিই, কিন্তু বাড়ির সুইচবোর্ডগুলো (Switchboards) প্রায়শই অবহেলিত থেকে যায়। প্রতিদিন একাধিকবার সুইচ অন-অফ করার ফলে এর ওপর ও চারপাশে হাতের তেল, ময়লা এবং ধুলোবালি জমে থাকে। আর সুইচ বোর্ডটি যদি হয় সাদা রঙের, তাহলে তো কথাই নেই। আস্তে আস্তে সুইচের ওপর, বোর্ডের চারপাশে কালো দাগ বা নোংরা ছোপ পড়ে যায়। ফলে আসবাবপত্র, মেঝে বা দেওয়াল পরিষ্কার থাকলেও, নোংরা সুইচবোর্ডগুলির জন্য ঘরের সৌন্দর্য নষ্ট হয়। তাই চলুন আজ জেনে নেওয়া যাক ময়লা জমে কালো হয়ে যাওয়া সুইচবোর্ডগুলি কীভাবে নিরাপদ উপায়ে পরিষ্কার করবেন।
সুইচ বোর্ড পরিষ্কার করার নিরাপদ উপায়
সচল সুইচবোর্ড পরিষ্কার করার জন্য প্রথমেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা দরকার। এরপর একটি শুকনো বা সামান্য ভেজা নরম কাপড় দিয়ে ধুলোবালি মুছে ফেলতে হবে। কিন্তু যদি জেদি দাগ হয়, তবে কাপড়ে সামান্য ক্লিনার নিয়ে আলতো করে ঘষুন। কোণ থেকে কালো দাগ সরানোর জন্য একটি শুকনো নরম ব্রাশ ব্যবহার করতে পারেন। তবে, কখনোই সুইচবোর্ড বা এর কোণে সরাসরি জল বা কোনো তরল পদার্থ স্পর্শ করবেন না।
টুথপেস্টের ব্যবহার
সুইচবোর্ডে হলদে ভাব, হালকা দাগ বা সাধারণ ময়লা দূর করতে সাদা টুথপেস্ট কার্যকর হতে পারে। একটি পুরনো টুথব্রাশ বা নরম কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে আলতো করে সুইচবোর্ডের ওপর ঘষুন, তবে খুব বেশি চাপ প্রয়োগ করবেন না। এরপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। মনে রাখবেন এক্ষেত্রে সাদা টুথপেস্টই বেশি কার্যকরী, রঙিন বা জেল টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন।
আরও পড়ুন: হাঁটতে পারেন না স্বামী, কোলে করে প্রতিমা দর্শন করাচ্ছেন স্ত্রী! এ এক অন্য ভালোবাসার ছবি
লেবু-নুনের মিশ্রণ
লেবু এবং নুনও জেদি সুইচবোর্ডের ময়লা দূর করতে সাহায্য করে। লেবু ময়লাকে আলগা করে দেয় ও নুন মৃদু স্ক্রাবারের মতো কাজ করে। তবে এগুলো কেবল সুইচবোর্ডের ওপরের অংশে খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে এবং এরপর ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
নেইল পলিশ রিমুভার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা
অনেকে কালির দাগ বা পুরনো ঘষার দাগ তোলার জন্য নেইল পলিশ রিমুভার ব্যবহার করে থাকেন। এতে থাকা অ্যাসিটোন দাগ দূর করতে সাহায্য করলেও, এতে বোর্ডের প্লাস্টিক, রং বা প্রলেপের ক্ষতি হতে পারে। তাই ব্যবহারের আগে কোনো একটি ছোট জায়গায় পরীক্ষা করে নিয়ে প্রয়োগ করা উচিত এবং খেয়াল রাখতে হবে যাতে এটি সুইচ বা সকেটের ভেতরে না যায়।
মনে রাখবেন, ভেজা হাতে সুইচবোর্ড স্পর্শ করা কখনই উচিত না। ভেজা জায়গায় দাঁড়িয়ে কাজও করবেন না এবং সুইচবোর্ডের ওপর সরাসরি কোনো কিছু স্প্রে করবেন না। পরিষ্কার করার পর, সুইচবোর্ড পুরোপুরি শুকিয়ে গেলে তবেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করুন। যদি উত্তপ্তভাব, কোনো পোড়া দাগ, পোড়া গন্ধ বা স্ফুলিঙ্গ দেখতে পান, তবে বিদ্যুৎ সংযোগ তৎক্ষণাৎ বন্ধ করে দিন ও নিজে পরিষ্কার করার চেষ্টা না করে ইলেকট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন।










