অনন্যা সরকার, নয়াদিল্লি: IDBI Bank বেসরকারি ব্যাঙ্ক হিসেবে স্বীকৃত হলেও, এলআইসি (LIC) এবং ভারত সরকারের হাতে এই ব্যাঙ্কের ৯৫ শতাংশ মালিকানা রয়েছে। তবে এবার বেসরকারি সংস্থার হাতে এই ব্যাংকের অধিকাংশ শেয়ার চলে যাবার রাস্তা আরও প্রশস্ত করলো সরকার। IDBI-এর মালিকানা পাওয়ার দৌড়ে কানাডা-ভিত্তিক সংস্থা Fairfax Financial Holdings অনেকটাই এগিয়ে গেছে। জানা যাচ্ছে, ৫.৫ থেকে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে IDBI ব্যাঙ্কের মালিকানা পেতে পারে এই সংস্থা (Fairfax IDBI Acquisition)।
এবার IDBI চলে যেতে পারে কানাডার সংস্থার হাতে
একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারই IDBI-এর মালিকানা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দ্বারা গোটা বিষয়টি পর্যালোচনা করার পর ঠিক হয় IDBI ব্যাঙ্কের যে অংশীদারিত্ব ভারত সরকারের হাতে ছিল, তা তারা বিক্রি করে দেবে। কানাডার বিনিয়োগকারী সংস্থা Fairfax Financial Holdings-এর প্রতিষ্ঠাতা ভারতীয় বংশোদ্ভূত প্রেম বৎস ৫.৫ থেকে ৫.৭ বিলিয়ন ডলার দিয়ে IDBI ব্যাঙ্কে সরকারের অংশীদারিত্ব কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় মুদ্রায় এই অর্থ ৫২ হাজার ৯৩৮ থেকে ৫৪ হাজার ৮৬১ কোটি টাকার সমান। সরকার যে দাম রেখেছিল, সেই নিরিখে তারাই সবচেয়ে কাছাকাছি রয়েছে। এদিকে, Emirates NBD-ও ব্যাঙ্কটির মালিকানা কিনতে আগ্রহী ছিল, তবে তাদের প্রস্তাবিত মূল্য অনেকটাই কম ছিল বলে জানা গেছে।
এই মুহূর্তে ভারত সরকার এবং ভারতীয় জীবন বিমা সংস্থা বা এলআইসি (LIC) সম্মিলিতভাবে IDBI-এর ৯৫ শতাংশ মালিকানার অধিকারী। সরকার এখন ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব ও ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে চাইছে। ভারত সরকার তাদের ৩০.৪৮ এবং এলআইসি ৩০.২৪ শতাংশ শেয়ার বিক্রি করতে আগ্রহী হয়েছে। বর্তমানে IDBI ব্যাঙ্কের ৪৯.২ শতাংশ শেয়ার LIC-র হাতে এবং কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে ৪৫.৫ শতাংশ।
তবে এখনও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। চুক্তির শর্ত ও অন্যান্য ছোটখাটো বিষয়গুলি দেখে নেওয়া হচ্ছে। তবে অর্থনীতিবিদদের নজর এখন IDBI-এর মালিকানা বদলের দিকে। তাদের মতে, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে বেসরকারিকরণের জোয়ার দেখা দিয়েছে, তারই অংশ হিসেবে কেন্দ্র এবং এলআইসি নিজেদের অংশীদারিত্ব বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তিটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা একদিকে যেমন ভারত সরকার বেসরকারিকরণের জন্য নিজেদের অংশীদারিত্ব ছেড়ে দিচ্ছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি থেকে, তেমনই অন্যদিকে এই প্রথম কোনও বিদেশী সংস্থা ভারতীয় ব্যাঙ্কে এত পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে। চুক্তিটি চূড়ান্ত হলে এটিকে ভারতীয় ব্যাঙ্কে বিদেশি সংস্থার দ্বারা সর্ববৃহৎ বিনিয়োগ বলে গণ্য করা হবে।
প্রসঙ্গত, কয়েক বছর আগেও IDBI ব্যাঙ্ক আর্থিক সঙ্কটে ধুঁকছিল। ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কটিকে তাদের ‘Prompt Corrective Action’ বা PCA কাঠামোর অধীনে নিয়ে আসে। যদিও IDBI গত কয়েক বছরে এই সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে। শেষমেষ Fairfax এই ব্যাংক অধিগ্রহণ করলে, ডিজিটাল পরিষেবা থেকে শুরু করে ব্যাংকে পরিকাঠামোগত অনেক পরিবর্তন দেখা যাবে বলে আশা করা যায়। তবে মালিকানা বদলের সিদ্ধান্ত এখনও আলোচনার পর্যায়েই রয়েছে।










