অনন্যা সরকার, কলকাতা: শেয়ার বাজারে (Share Market) ওঠা-নামা লেগেই রয়েছে। তাই বিনিয়োগ (Investment) করা টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা এতে বেশি থাকে। তবে যদি কেউ ইনভেস্টমেন্টের নিশ্চিত রিটার্ন চান, তাহলে তার জন্য সরকারি ইনভেস্টমেন্ট স্কিম, বিশেষ করে পোস্ট অফিসের (Post Office) স্কিমগুলি উপযোগী হতে পারে। নিশ্চিত রিটার্নের সাথে পোস্ট অফিসের একাধিক স্কিম খুবই জনপ্রিয়। তার মধ্যে অন্যতম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)। বিনিয়োগকারীরা বিয়ের পরে এই স্কিম থেকে লাভবান হতে পারেন। আর একবার ইনভেস্ট করলে দীর্ঘ সময় ধরে এটি থেকে যথেষ্ট পরিমাণে আয় করা যায়। চলুন তাহলে পোস্ট অফিসের এই স্কিমটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের সুবিধা
মান্থলি ইনকাম স্কিমের অধীনে ১০ বছরের বেশি বয়সের শিশুদের নামেও অ্যাকাউন্ট খোলা যায়। কোনো ব্যক্তি যদি নিজের সন্তানদের নামে এই অ্যাকাউন্টটি খোলেন, তাহলে অর্জিত মাসিক সুদ দিয়ে সন্তানের পড়াশোনার ফিও দিতে পারবেন। এই সরকারি প্রকল্পটি সেইসব দম্পতিদের জন্য উপযুক্ত, যারা বিয়ের পর একটি স্থিতিশীল আর্থিক ভবিষ্যত পরিকল্পনা করতে চান।
ইন্ডিয়া পোস্টের (India Post)-এর ওয়েবসাইট অনুযায়ী, মান্থলি ইনকাম স্কিমের অধীনে ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করে একটি অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল এবং জয়েন্ট – উভয় অ্যাকাউন্টই খোলা যাবে। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। মান্থলি ইনকাম স্কিমে মাসিক ভিত্তিতে সুদ দেওয়া হয়। যেকোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিস এই স্কিমের অধীনে বর্তমানে বার্ষিক ৭.৪% হারে সুদ অফার করে। এমনিতে স্কিমটির মেয়াদ ৫ বছর, তবে নতুন ইন্টারেস্ট রেটের সাথে এটি আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
আরও পড়ুনঃ শুরু হল অসমের ধুবড়ি থেকে কলকাতা এসি বাস, মিলবে ট্রেনের মতো সুবিধা! জানুন রুট
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে জমা করা অর্থের ওপর পাওয়া বার্ষিক সুদ ১২টি কিস্তিতে ভাগ করে প্রতি মাসে গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়ে। এবার গ্রাহক যদি প্রতি মাসে টাকা না তোলেন, তাহলে সেটা তার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে জমা হবে এবং মেয়াদপূর্তিতে মূলধনের সাথে যোগ করা হবে। যদি কেউ ১৫ লক্ষ টাকা দিয়ে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন, তাহলে তার বার্ষিক সুদ হবে ১,১১,০০০ টাকা। আর এর থেকে মাসিক আয় হবে প্রায় ৯,২৫০ টাকা। অন্যদিকে, ৯ লক্ষ টাকার একটি সিঙ্গেল অ্যাকাউন্টে বার্ষিক সুদ হবে ৬৬,৬০০ টাকা। এর থেকে প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা আয় হবে। স্ত্রী বা স্বামীর সাথে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুললে প্রতি মাসে ৯,২৫০ টাকা আয় হবে এবং এতে কোনো ঝুঁকি থাকবে না।










