অনন্যা সরকার, কলকাতা: গ্রাহকদের সুখবর দিল এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)। এই বেসরকারি ব্যাংকটি আবারও ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit / FD) সুদের হার বাড়াল। প্রাইভেট ব্যাংকটির এই পদক্ষেপ উল্লেখযোগ্যভাবে প্রবীণ নাগরিকদের আয়ের পরিমাণ বাড়াবে। কারণ এবার থেকে সিনিয়র সিটিজেনরা তাঁদের ফিক্সড ডিপোজিটের ওপর সর্বোচ্চ ৭.১০% পর্যন্ত সুদ পাওয়ার অধিকারী হবেন। এফডি-এর মেয়াদের ওপর ভিত্তি করে সুদের হার কত মিলবে, আসুন জেনে নেওয়া যাক।
HDFC ব্যাংকে ফিক্সড ডিপোজিটে বর্তমান সুদের হার
এইচডিএফসি ব্যাংক গত ১৯ আগস্ট থেকে নতুন সুদের হার কার্যকর করেছে। ওইদিন থেকেই প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। বর্তমানে তাঁরা ফিক্সড ডিপোজিটের ওপর ন্যূনতম ৩.২৫% হারে সুদ পাচ্ছেন। তবে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল আছে।
জানিয়ে রাখি, ফিক্সড ডিপোজিটে সুদের হার নির্ভর করে এর মেয়াদের ওপর। প্রবীণ নাগরিকেরা এইচডিএফসি ব্যাঙ্কে সর্বনিম্ন ৭ থেকে ১৪ দিনের এফডি করাতে পারেন। আবার চাইলে সর্বোচ্চ ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্যও বিনিয়োগ করা যায়। তবে সবচেয়ে বেশি মেয়াদের এফডি করালেই যে সর্বোচ্চ সুদ পাওয়া যাবে, এমনটা নয়।
আরও পড়ুন: অল্প খরচে এক ট্রেনেই পৌঁছে যাবেন ভুটান! ৩,৫০০ কোটির প্ল্যান ভারতীয় রেলের
এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, প্রবীণ নাগরিকরা ৭ থেকে ১৪ দিন এবং ১৫ থেকে ২৯ দিনের স্থায়ী আমানতে বার্ষিক ৩.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এরপর মেয়াদ বাড়ালে বাড়বে সুদের হারও। তার মধ্যে ৩ বছর ১ দিন থেকে ৪ বছর ৭ মাসের কম মেয়াদের জন্য এফডি করলে পাওয়া যাবে ৭.১০ শতাংশ সুদ। এর জন্য আগের ইন্টারেস্ট রেট ছিল ৭ শতাংশ। তবে জানিয়ে রাখি, ৩ কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা এই সুবিধা পাবেন। তবে, ৪ বছর ৭ মাস, ৪ বছর ৭ মাস ১ দিন থেকে ৫ বছর এবং ৫ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদের এফডি করলে এই ইন্টারেস্ট রেট পাবেন না প্রবীন নাগরিকরা। এই মেয়াদগুলোর জন্য সুদের হার হবে যথাক্রমে ৬.৯%, ৬.৯% এবং ৬.৬৫%।
আরও পড়ুন: নেপালের বন্যায় বেরিয়ে এল ১৭ কোটি বছরের প্রাচীন শালগ্রাম শিলা? জানুন আসল ঘটনা
প্রসঙ্গত, এই বেসরকারি ব্যাংকটির সাধারণ গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ওপর সর্বাধিক ৬.৫০% সুদ দেওয়া হয়। আর এই সুদের হার পেতে তাঁদের ৩ বছর ১ দিন থেকে ৪ বছর ৭ মাস মেয়াদের একটি এফডি করতে হয়। উল্লেখযোগ্যভাবে, এইচডিএফসি-র মতোই ফেডারেল ব্যাংকও সম্প্রতি তাদের এফডি-এর সুদের হার পরিবর্তন করেছে। এই ব্যাংক ৩ কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৭.২% সুদ দেয়, আর সাধারণ গ্রাহকরা পান ৬.৭%। ফেডারেল ব্যাংক ১৭ আগস্ট থেকে এই নতুন ইন্টারেস্ট রেট কার্যকর করেছে।










