ফের ৯৬-র গণ্ডি পার, ডলারের বিপরীতে অনেকটাই পতন ভারতীয় রুপির

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: ডলারের বিপরীতে একেবারে মুখ থুবড়ে পড়লে ভারতীয় টাকা (Indian Rupee)। ফের ৯৬-র গণ্ডি পার করে ফেলল ইন্ডিয়ান কারেন্সি। যেখানে গতকাল ৯৫.৩৩ টাকায় বন্ধ হয়েছিল, সেখানে আজ এক ধাক্কায় ৮৭ পয়সা তলানিতে ঠেকে ৯৬.২০-তে বাজার খুলল। বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ আবারও মাথাচাড়া দিয়ে দাঁড়ানোর কারণে এবং হরমুজ প্রণালী বন্ধের খবর সামনে আসতেই মান বদল ভারতীয় টাকার।

আবারও ৯৬-র গণ্ডি পার ভারতীয় মুদ্রা

সম্প্রতি হরমুজ প্রণালীতে সারপ্রাসের তৈলবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইরান। পাল্টা মার্কিন সেনাবাহিনী হামলা চালানোর আগেই প্রণালী বন্ধের ঘোষণা করে তেহরান। সেই কারণে একধাক্কায় অনেকটাই বেড়েছে ব্রেন্ট ক্রুডের দাম। পাশাপাশি মার্কিন বন্ডের সুদের হার বৃদ্ধি দেশের মুদ্রার উপরে আবারও চাপ সৃষ্টি করছে। আর যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই কারণে ডলারের উপর চাপ পড়ায় একেবারে তলানিতে ঠেকেছে টাকার দাম।

মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, ক্রমবর্ধমান তেলের দাম আর শক্তিশালী মার্কিন ডলারের প্রভাব রুপির উপরেই পড়ছে। সাম্প্রতিক নিম্নস্তরের থেকে ব্রেন্ট ক্রুডের দাম আবারও ২০ শতাংশের বেশি বেড়েছে, এবং এখন তা ব্যারেল প্রতি ৮০ ডলারের উপরে বিক্রি হচ্ছে। আবার একই সময়ে মার্কিন ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের কঠোর নীতির কারণে ট্রেজারি ইল্ডের দাম অনেকটাই বেড়েছে। যার কারণে ডলার নির্ভর সম্পদগুলি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে, এবং দেশের মুদ্রার উপরেই চাপ পড়ছে।

আরও পড়ুন: বাড়ির ফ্রিজে অমরনাথ দর্শন! অলৌকিক শিবলিঙ্গের আবির্ভাবের খবর পেয়ে দর্শনার্থীর ঢল

তবে বিশেষজ্ঞরা আশা করছেন যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক রুপির গতিবিধির উপরে নজর রাখবে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বড়সড় কোনও পদক্ষেপ নিতে পারে। যদিও এর আগে মুদ্রার অবমূল্যায়ন ঠেকাতে ফরেক্স মার্কেটে ডলার বিক্রি করেছিল আরবিআই, এবং তখন প্রায় ৯৪ এর স্তরে নেমে এসেছিল ভারতীয় টাকা। কিন্তু ফের যুদ্ধে মাথাচাড়া দিয়ে দাঁড়েতেই টাকার অবমূল্যায়ন। তবে তেলের দাম যদি দিনের পর দিন বাড়ে তাহলে রুপির মান পতন ঠেকানো সম্ভব হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।