দু’মাসের মধ্যে সর্বোচ্চ, ডলারের বিপরীতে শক্তি দেখাল ভারতীয় রুপি

Published:

Indian rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ডলারের বিপরীতে শক্তি প্রদর্শন করল ভারতীয় রুপি (Indian Rupee)। গতকাল ঘুরে দাঁড়ানোর পর বিগত দুই মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে টাকার দাম। বৃহস্পতিবার দিনের শুরুতে ডলার পিছু লেনদেন দাঁড়িয়েছিল ৯৪.২৭ রুপিতে। বড় ব্যাপার, ২৯ জুনের পর এটিই রুপির সবচেয়ে শক্তিশালী স্তর। অন্যদিকে গত বুধবার ৯৪.৯৮ রুপিতে লেনদেন শেষ হয়, যা বিগত দিনের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু বৃহস্পতিবার ঘুরে দাঁড়ানোতে তা বাজারে ফের ইতিবাচক সংকেত দিচ্ছে।

ডলারের বিপরীতে শক্তিশালী হল ভারতীয় টাকা

ডলারের বিপরীতে ৯৪-র স্তরকে বর্তমানে সবচেয়ে শক্তিশালী হিসেবেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলার ও রুপির বিনিময় হার ৯৪-র নিচে অবস্থান করলে রফতানিকারকরা তাদের হেজিং আরও বাড়াতে পারেন। এমনকি সবথেকে বড় ব্যাপার, রুপি আরও শক্তিশালী হয়ে প্রতি ডলারে ৯৩.৫০ টাকার স্তরে পৌঁছতে পারে বলে দাবি করা হচ্ছে। কিন্তু ৯৪-র স্তরটিকেই এখন নজরে রাখছেন বিশেষজ্ঞরা।

তবে না উল্লেখ করলেই নয়, রুপির শক্তিশালী হওয়ার প্রধান কারণ হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডলার বিক্রি এবং দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াকেই দাবি করছেন বিশেষজ্ঞরা। কারণ, কয়েক মাস আগেই বৈদেশিক মুদ্রা সংগ্রহের জন্য আরবিআই ‘ফরেন কারেন্সি নন রেসিডেন্ট ডিপোজিট’ নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছিল। পাশাপাশি ৩১ আগস্ট পর্যন্ত আরবিআই সেখানে মোট ১৩৬.৩৭ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে।

আরও পড়ুন: ফের বাড়ল সোনা ও রুপোর দাম, আজকে কত রেট?

আরও এক তথ্য অনুযায়ী, শুধুমাত্র এই আমানত থেকে ১২৭.২ বিলিয়ন ডলার সংগৃহীত হয়েছে। এছাড়া বিদেশ থেকে বৈদেশিক মুদ্রার ঋণ হিসেবে ৫.২৬ বিলিয়ন ডলার এবং এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস থেকে ৩.৮৯ বিলিয়ন ডলার এসেছে। যদিও এই প্রকল্পের ক্ষেত্রে প্রাথমিক অনুমান ছিল ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে এই অংক বাড়িয়ে ৮০ বিলিয়ন ডলার করা হলেও পরিমাণ তার থেকে অনেকটা বেড়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে তেলের দাম কিছুটা কমায় রুপির উপর চাপ অল্প হলেও কমেছে। তাই আরও শক্তিশালী হয়েছে ভারতীয় টাকা।