সহেলি মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের পোয়াবারো। অবশেষে মহার্ঘ ভাতা (Dearness allowance) বাড়িয়েছে সরকার। সেইসঙ্গে পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণও বাড়ানো হয়েছে। সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই ২ শতাংশ DA বৃদ্ধি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তের ফলে সকলের অ্যাকাউন্টে বেতনের সঙ্গে মোটা টাকা ঢুকবে। যদিও এখন আরও একটি প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, সেটা হল, যে টাকাটা বাড়ানো হয়েছে সেটা সরকারি কর্মীদের এই মুদ্রাস্ফীতি থেকে কতটা রক্ষা করবে? চলুন জেনে নেওয়া যাক বিশদে।
কতটা স্বস্তি পাবেন কর্মীরা?
সরকারের এই ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা ৫৮% থেকে বেড়ে ৬০% হবে, যা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এর অর্থ হলো, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ের জন্য বর্ধিত মহার্ঘ ভাতা এপ্রিল মাসের বেতনের সাথে একযোগে প্রদান করা হবে। মহার্ঘ ভাতার এই বৃদ্ধি মুদ্রাস্ফীতির হার মাথায় রেখে করা হয়, যাতে কর্মচারীরা মুদ্রাস্ফীতির ভারে জর্জরিত না হন। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারের উপর বার্ষিক ৬,৭৯১.২৪ কোটি টাকার আর্থিক বোঝা চাপবে। তবে, এর ফলে ৫০.৪৬ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৮.২৭ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। প্রশ্ন উঠছে, এই বৃদ্ধি কি সত্যি সকলের মধ্যে স্বস্তি বয়ে আনবে?
আরও পড়ুনঃ গরমে ট্যাংকের জল থাকবে বরফের মতো ঠান্ডা, বিনা খরচে করুন এই কাজ
রিপোর্ট অনুযায়ী, ১৮ হাজার টাকা ন্যূনতম মূল বেতন পাওয়া একজন গ্রুপ সি কর্মচারীর জন্য এই বৃদ্ধির অর্থ হলো মাসে মাত্র ৩৬০ টাকা। এখনকার সময়ে এই টাকা কারোর জন্যই যথেষ্ট নয় বলে দাবি অনেকের। যা আজকের অর্থনীতিতে প্রায় কোনো প্রভাবই ফেলে না বলে অনেকে মনে করেন। যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেখানে কিছু কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সকলের। অনেক নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীর মাসিক বাজেট এমনিতেই টানাটানির মধ্যে থাকে। বাড়তি কয়েকশো টাকা দিয়ে পারিবারিক খরচের ক্রমাগত বৃদ্ধি সামাল দেওয়া যাবে না কোনোভাবেই। আগামী দিনে সমস্যা থেকে বাঁচতে কর্মীরা যত দ্রুত সম্ভব অষ্টম বেতন পে কমিশন লাগু করার দাবি জানাচ্ছেন।
বেতন কত বাড়বে?
যদি কোনো কর্মচারীর মূল বেতন ৩০,০০০ টাকা হয়, তবে তিনি আগে ৫৮% হারে ১৭,৪০০ টাকা মহার্ঘ ভাতা পেতেন। কিন্তু, মহার্ঘ ভাতা বাড়ার ফলে তিনি এখন ৬০% হারে ১৮,০০০ টাকা পাবেন। এর মানে হলো, ৩০,০০০ টাকা মূল বেতনের ক্ষেত্রে প্রতি মাসে ৬০০ টাকা করে বাড়বে। একইভাবে, যদি কারও মূল বেতন ২০,০০০ টাকা হয়, তবে তিনি বর্তমানে ৫৮% হারে মহার্ঘ ভাতা হিসাবে ১১,৬০০ টাকা পাবেন। তবে, মহার্ঘ ভাতা বৃদ্ধির পর, তিনি ৬০% হারে ১২,০০০ টাকা পাবেন। এর মানে হল, মহার্ঘ ভাতা প্রতি মাসে ৪০০ টাকা বৃদ্ধি পাবে।










