সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি NPS-এ বছরের পর বছর ধরে বিনিয়োগ করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। নিয়ম বদলে দিল সরকার, আর যার প্রভাবে সরাসরি বিনিয়োগকারীদের ওপর পড়বে বলে খবর। ১ অক্টোবর থেকে এনপিএস চার্জ পরিবর্তিত হতে চলেছে। সেইসঙ্গে অনবোর্ডিং ও বার্ষিক ফি-এর নতুন নিয়মও লাগু হবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে NPS-র বহু নিয়ম
পেনশন তহবিল নিয়ন্ত্রক সংস্থা পিএফআরডিএ (PFRDA) ন্যাশনাল পেনশন সিস্টেম এবং এনপিএস লাইট-এর অধীনে পয়েন্ট অফ প্রেজেন্স (PoP) চার্জে একটি বড় ধরনের সংশোধন করেছে। এই নতুন চার্জ কাঠামোটি ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় রেকর্ডকিপিং এজেন্সিগুলো (সিআরএ) ২০২৬-২৭ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক (কিউ৩) থেকে ইউনিট বাতিলের মাধ্যমে এই চার্জ কাটা হবে বলে খবর।
পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PFRDA) কর্তৃক ২৮ আগস্ট, ২০২৬ তারিখে জারি করা একটি সার্কুলার অনুসারে, নিয়মিত স্কিম এবং মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক (MSF)-এর মধ্যেকার পার্থক্য দূর করা হয়েছে। এই পরিবর্তনটি সারা দেশের লক্ষ লক্ষ NPS গ্রাহকের অবসরকালীন বিনিয়োগকে সরাসরি প্রভাবিত করবে। আসুন নতুন নিয়মাবলীর অধীনে অনবোর্ডিং, বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ এবং ন্যূনতম অবদানের নিয়মগুলি জেনে নেওয়া যাক। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো নতুন গ্রাহক কোনো PoP (যেমন ব্যাঙ্কের শাখা বা আর্থিক প্রতিষ্ঠান)-এর মাধ্যমে NPS-এ তাঁর পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN) নিবন্ধন করেন, তাহলে তাঁকে এককালীন ২০০ টাকা অনবোর্ডিং চার্জ দিতে হবে।
আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাবে নির্দিষ্ট সরকারি কর্মীদের পেনশন? উদ্বেগ বাড়ল অবসরপ্রাপ্তদের
গ্রাহকরা স্বস্তি পাবেন?
এই ২০০ টাকার চার্জ অ্যাকাউন্ট থেকে একবারে কেটে নেওয়া হবে না। পরিবর্তে, সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সি (সিআরএ) প্রতি ত্রৈমাসিকে ৫০ টাকা হারে ইউনিট বাতিল করে এই অর্থ সংগ্রহ করবে। যদি কোনো গ্রাহক PoP-এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালভাবে এবং সরাসরি সাক্ষাৎ ছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, তাহলে এককালীন ১০০ টাকা চার্জ প্রযোজ্য হতে পারে।
আরও পড়ুনঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ভল্টে ৭.৪ কোটি সরিয়ে রাখা হল জাল নোট
সক্রিয় NPS এবং NPS Lite অ্যাকাউন্টগুলির মোট ব্যবস্থাপনার অধীনে থাকা সম্পদের (AUM) উপর ০.২০% বার্ষিক AUM চার্জ আরোপ করা হয়। এই চার্জটি নিট সম্পদ মূল্যের (NAV) বিপরীতে সমন্বয় করা হবে এবং ত্রৈমাসিক ভিত্তিতে PoP-কে প্রদান করা হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল চার্জের উপর জিএসটি এবং অন্যান্য প্রযোজ্য কর আলাদাভাবে যোগ করা হবে।










