দিনে ২ টাকা জমিয়ে মাস শেষে মিলবে ৩০০০ করে পেনশন, সেরা স্কিম কেন্দ্রের

Published:

pm shram yogi mandhan yojana

আনিষা চৌধুরী, কলকাতা: বেসরকারি সংস্থায় কর্মরত হোক কিংবা দিনমজুর, প্রত্যেকটি মানুষই নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। বয়স বাড়ার পর এক সময় আয় বন্ধ হয়ে গেলে সংসার চলবে কীভাবে? বিশেষ করে যারা দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষের জন্য এই দুশ্চিন্তা আরও বেশি। তাঁদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM-SYM)। অল্প বয়স থেকেই এই প্রকল্পে নিয়মিত টাকা জমালে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা পেনশন (Pension) পাওয়ার সুযোগ রয়েছে।

মাসে কত টাকা জমাতে হবে?

এই প্রকল্পে কত টাকা দিতে হবে, তা নির্ভর করে আবেদনকারীর বয়সের উপর। ১৮ বছর বয়সে PM-SYM-এ যোগ দিলে মাসে ৫৫ টাকা করে জমা দিতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই টাকার পরিমাণও বাড়ে। যেমন, ২৯ বছর বয়সে এই প্রকল্পে যোগ দিলে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হয়।

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা মূলত শ্রমিক ও কর্মীদের জন্য তৈরি করা হয়েছে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং মাসিক আয় ১৫,০০০ টাকা বা তার কম হতে হবে। রাস্তায় বা বাজারে ছোট ব্যবসা করা ব্যক্তি, রিকশাচালক, নির্মাণকর্মী, দর্জি, মুচি, ধোপা কিংবা বাড়িতে কাজ করা কর্মীরাও এই প্রকল্পের আওতায় আসতে পারেন। তবে আবেদনকারী EPFO, NPS বা ESIC-এর সদস্য হলে এই সুবিধা পাওয়া যাবে না। পাশাপাশি আয়করদাতারাও এই প্রকল্পের জন্য যোগ্য নন।

আরও পড়ুন: ফের বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেসের ৩টি কামরা

৬০ বছর বয়সের পর ঠিক কী কী সুবিধা মিলবে?

নির্দিষ্ট নিয়ম মেনে নিয়মিত টাকা জমা করলে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে এমনটাই বলা হয়েছে এই প্রকল্পে। অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা পেনশন মিলবে। ফলে কর্মজীবন শেষ হওয়ার পরেও নিজের দৈনন্দিন খরচের জন্য একটি অর্থসংস্থান থাকবে। যাদের অর্থের সংস্থান ঠিক নেই, যারা অত্যন্ত কম আয় করেন এই সমস্ত মানুষদের ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ।