১৬ অক্টোবর থেকে বদলাচ্ছে RBI-র নিয়ম, প্রভাব পড়বে আপনার EMI-এর ওপর?

Published:

সহেলি মিত্র, কলকাতা: হাতে আর মাত্র ৩ দিন, ব্যস তারপরেই বদলে যেতে চলেছে RBI -এর গুরুত্বপূর্ণ নিয়ম। আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত নগদ অর্থ নিয়ন্ত্রণে নিয়মকানুন কঠোর করেছে। নতুন নির্দেশিকা অনুসারে, ব্যাঙ্কগুলিকে আগামী ১৬ অক্টোবর, ২০২৬ থেকে প্রতি পাক্ষিকে দৈনিক তাদের নগদ রিজার্ভ অনুপাতের (CRR) কমপক্ষে ৯৯% বজায় রাখতে হবে। বর্তমানে এই সীমা ৯০%।

১৬ অক্টোবর থেকে বদলাচ্ছে RBI-এর এই নিয়ম

এখনো পর্যন্ত, ব্যাঙ্কগুলোকে নির্ধারিত পাক্ষিক গড়ের অন্তত ৯০% দৈনিক গড় সিআরআর (CRR) বজায় রাখতে হতো। তবে, ব্যাংকিং ব্যবস্থার নতুন পরিস্থিতি পর্যালোচনা করার পর আরবিআই নিয়ম আরও কঠোর করেছে। প্রশ্ন উঠছে, আপনার ইএমআই, লোনের সুদের হার বা এফডি-র সুদের হার কি পরিবর্তিত হবে? উত্তর হল না। সাধারণ গ্রাহকদের এটা জানা জরুরি যে, এই নিয়মটি তাদের আর্থিক অবস্থার উপর সরাসরি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। সিআরআর (CRR) বজায় রাখার পদ্ধতিতে পদ্ধতিতে এই পরিবর্তন আপনার বর্তমান লোনের ইএমআই বা বাড়ি ও গাড়ির লোনের সুদের হারের উপর সরাসরি কোনো প্রভাব বিস্তার করবে না।

CRR কী?

আরও গভীরে যাওয়ার আগে বুঝতে হবে CRR কী। সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও হলো আপনার মোট আমানতের সেই অংশ, যা ব্যাঙ্কগুলি আইন অনুযায়ী রিজার্ভ হিসেবে  আরবিআই-এর কাছে নগদ আকারে রাখতে বাধ্য। আগে কোনো ব্যাঙ্ককে যদি ১০০ কোটি টাকার সিআরআর (CRR) বজায় রাখতে হতো, তবে তারা কিছু কিছু দিনে ৯০ কোটি টাকা অর্থাৎ ৯০% বজায় রেখেও তা পূরণ করতে পারত, যদি ১৫ দিনের গড় পাক্ষিক ১০০ কোটি টাকায় পৌঁছাত।

কিন্তু এখন ব্যাঙ্ককে প্রতিদিন ন্যূনতম ৯৯ কোটি টাকা (৯৯%) ব্যালেন্স বজায় রাখতে হবে। এর মানে হলো, ডিসকাউন্টের জন্য দৈনিক বরাদ্দ ১০ কোটি টাকা থেকে কমিয়ে মাত্র ১ কোটি টাকা করা হয়েছে। ৭ অক্টোবর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা তাঁর মুদ্রানীতি পর্যালোচনায় বলেছিলেন যে, স্বাভাবিক তারল্য হ্রাসকারী কারণগুলির ফলে চলতি অর্থবছরের বাকি সময় জুড়ে ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর কয়েকদিন পরেই এই সিদ্ধান্তটি এলো।

আরও পড়ুনঃ মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, চলন্ত ট্রেনের জানলায় চোরকে ঝোলালেন যাত্রীরা

আগস্ট ও সেপ্টেম্বর মাসে শক্তিশালী মূলধন প্রবাহের ফলে ব্যাংকিং ব্যবস্থায় তারল্য বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ বৈদেশিক মুদ্রা অনাবাসী ব্যাংক (FCNR-B) আমানত সুবিধার মাধ্যমে সংগৃহীত তহবিলও অন্তর্ভুক্ত। যদিও RBI -র ভেরিয়েবল রেট রিভার্স রেপো (ভিআরআরআর) নিলাম, ওপেন মার্কেট অপারেশন (ওএমও)-এর অধীনে বন্ড বিক্রি এবং অন্যান্য নগদ বহিঃপ্রবাহের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত তারল্য কমে এসেছে।

google button