কাগজের দিন শেষ! এবার বাজারে প্লাস্টিকের নোট আনতে চলেছে RBI

Published:

RBI Plastic Currency

সৌভিক মুখার্জী, কলকাতা: শেষ হতে চলেছে কাগজের নোটের দিন? এবার প্লাস্টিকের নোট আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। খুব শীঘ্রই ভারত প্লাস্টিকের নোট পেতে পারে (RBI Plastic Currency)। ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে নগদ টাকার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরবিআই এবার এই পদক্ষেপের পথে হাঁটছে। পাটনা এবং মুম্বাইতে অনুষ্ঠিত আরবিআই-র বোর্ড মিটিংয়ে এই পরিবর্তন নিয়ে আলোচনাও হয়েছে।

প্লাস্টিকের নোট আনার পথে আরবিআই

উল্লেখ্য, এর আগেও ২০১২ সালে তৎকালীন সরকার পাঁচটি শহরে পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের নোট চালু করার পরিকল্পনা করেছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এবার ফের আলোচনা শুরু হয়েছে। কাগজের নোট বন্ধ করে দেওয়ার একটাই কারণ হল খরচ আর এর স্থায়িত্ব। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের নোট সাধারণ কাগজের নোটের থেকে প্রায় আড়াই গুণ বেশি দিন টেকে। এমনকি এগুলি জল বা ময়লাও প্রতিরোধী। আর কাগজের নোট বানাতে যে পরিমাণ খরচ হয়, প্লাস্টিকের নোট বানাতে অতটাও খরচ হয় না। সেই কারণে দেশের অর্থনীতিতেও কিছুটা সাশ্রয় হবে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কাগজের নোট ব্যবহার করার কারণে ২০২৫-২৬ অর্থবর্ষে আনুমানিক ২৩.৮০ বিলিয়ন নোট নষ্ট হয়েছে, যা বার্ষিক ভিত্তিতে প্রায় ১২.৩ শতাংশ বৃদ্ধি। এমনকি এর এক বছর আগে ২১.২৪ বিলিয়ন নোট নষ্ট করতে হয়েছিল, যা বিগত বছরের তুলনায় কম। এমনকি ২০২৪-২৫ অর্থবর্ষে নোট ছাপানোর জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আনুমানিক ৬৩৭২.৮০ কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এর আগে আরবিআই নোট ছাপানোর জন্য মোট ব্যয় করেছিল ৫১০১.৪০ কোটি টাকা।

আরও পড়ুন: চাষিদের মাথায় বাজ! ভারতের আম আমদানির উপর নিষেধাজ্ঞা চাপাল জাপান

বিশ্বের অন্যান্য দেশেও রয়েছে প্লাস্টিকের নোট

না বললেই নয়, গোটা বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশ প্লাস্টিকের নোট ব্যবহার করছে। এমনকি বিশ্বের এমন কিছু বড় বড় দেশ রয়েছে, যারা তাদের কাগজের নোট সম্পূর্ণ বন্ধ করেছে। তালিকায় প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়া। এটি বিশ্বের প্রথম দেশ যারা প্লাস্টিকের নোট চালু করেছিল। ১৯৮৮ সালে পলিমার নোট প্রচলন হয় দেশটিতে। এছাড়া তালিকায় রয়েছে নিউজিল্যান্ড। এই দেশটি ১৯৯৯ সালে তাদের সমস্ত কাগজের মুদ্রা বাতিল করে প্লাস্টিকের নোট চালু করে। তাদের সবথেকে ছোট নোটটি হল ৫ ডলার, আর সবথেকে বড় নোটটি হল ১০০ ডলার। এছাড়া ব্রুনাই, ভিয়েতনাম, রোমানিয়া থেকে শুরু করে পাপুয়া নিউগিনিসহ বেশ কিছু দেশ প্লাস্টিকের নোট ব্যবহার করে বহুদিন ধরেই। আর সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দেশগুলিও তা চালু করেছে। এবার ভারতও সেই একই পথে হাঁটছে।