বিক্রম ব্যানার্জী, কলকাতা: শোনা গিয়েছিল, আগামী 25 এবং 26 মে দুইদিনই কর্মীদের বেতন বৈষম্য দূর করা থেকে শুরু করে নতুন নিয়োগ এমনকি পদোন্নতির মতো একাধিক দাবিকে সামনে রেখে ডাকা হয়েছে ব্যাঙ্ক (State Bank of India) ধর্মঘট। এমন খবর পাঁচকান হতেই বেশ খানিকটা সমস্যায় পড়েছিলেন সাধারণ গ্রাহকরা! তবে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী সংগঠনের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত স্থগিত রাখছে তারা। সূত্রের খবর, এক বিশেষ বৈঠকে ইতিবাচক ইঙ্গিত মেলায় ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে SBI এর কর্মী সংগঠন অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন।
বৈঠকের পরই হয়েছে সিদ্ধান্ত
সদ্য নয়া দিল্লিতে সেন্ট্রাল লেবার কমিশনের অফিসে SBI এর এই বিশেষ সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকে নিজেদের দাবিদাওয়া রেখেছিলেন সংগঠনের সদস্যরা। একই সাথে, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা! সূত্রের খবর, ওই বৈঠকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পরই 25 ও 26 মে তারিখ দুটিতে ধর্মঘটের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল SBI এর কর্মী সংগঠনটি।
বলাই বাহুল্য, গত শনিবার বন্ধ ছিল ব্যাঙ্ক। মূলত ফোর্থ স্যাটারর্ডে হওয়ায় এদিন স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ ছিল। আজ রবিবার পূর্ণ দিবস বন্ধ রয়েছে ব্যাঙ্ক। সেক্ষেত্রে আগামীকাল এবং পরশু, একটানা দুদিন ব্যাঙ্ক বন্ধ থাকলে যথেষ্ট সমস্যা হতো সাধারণ গ্রাহকদের। মূলত সেসব দিক মাথায় রেখেও আপাতত বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন কর্মী সংগঠনের সদস্যরা। তাছাড়াও আগামী 28 মে রাজ্যে বকরি ঈদ উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে নবান্ন। ফলে, সাধারণ গ্রাহকদের সমস্যা যাতে না হয় সেদিকে নজর দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।
অবশ্যই পড়ুন: অঙ্গকৃষ রঘুবংশীর চোট, শেষ মুহুর্তে নতুন প্লেয়ার কেনার পথে KKR!
প্রসঙ্গত, এতদিন ঈদ উপলক্ষ্যে রাজ্যে দুদিন ছুটির নিয়ম চালু ছিল। তবে সদ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে একদিনের বেশি ছুটি দেওয়া যাবে না। সেই মর্মে গতকাল বিজ্ঞপ্তি জারি করে 28 তারিখটিকে ঈদের ছুটি উপলক্ষে ঘোষণা করেছে নবান্ন। ওই দিন আর পাঁচটা ছুটির দিনের মতোই বন্ধ থাকবে ব্যাঙ্ক।










