ডুয়ার্স অতীত, বর্ষার ঘুরে আসুন পাহাড় জঙ্গলে ঘেরা পুরুলিয়ার এই অফবিট ঠিকানা থেকে

Published:

Duarsini

সহেলি মিত্র, কলকাতাঃ প্রাক বর্ষার (Monsoon) বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলায়। আর এই সময়ে কোনও পাহাড় বা জঙ্গল রয়েছে এমন জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। বর্ষার সময়ে কোথাও ভ্রমণের প্রসঙ্গ উঠলে ডুয়ার্সের (Dooars) নামই সবার প্রথমে মাথায় আসে সকলের। কিন্তু ডুয়ার্স বেশ অনেকটাই মহার্ঘ্য আর অনেকটা সময় সাপেক্ষ। তবে চিন্তা নেই, আজ আপনাদের এমন এক সুন্দর ও অফবিট জায়গার খোঁজ দেব যেখানে এই বর্ষায় ভ্রমণের আনন্দ আপনার দ্বিগুণ হয়ে যাবে। এমন এক জায়গা যেখানে আপনি জঙ্গল ও পাহাড় সব দেখতে পাবেন। থাকতে পারবেন একদম জঙ্গলের মধ্যে।

বর্ষায় ঘুরে আসুন পুরুলিয়ার এই অফবিট ঠিকানা থেকে

নিশ্চয়ই ভাবছেন কোথায় আছে এমন জায়গা? তাহলে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে জঙ্গল ও পাহাড়ের মাঝে থাকা পুরুলিয়া (Purulia) জেলার দুয়ারসিনিতে (Duarsini)। এখানে রয়েছে এমন কিছু ইকো কটেজ যা পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের তরফে রক্ষণাবেক্ষণ করা হয়। এই দুয়ারসিনি হল পুরুলিয়ার একদম অফবিট ডেস্টিনেশন। এখানে এলে আপনার চোখে পড়বে শুধু সবুজে ঘেরা জঙ্গল আর পাহাড়। বর্ষার সময়ে এখানকার পরিবেশ আরও মনোরম হয়ে যায়। এখানকার সৌন্দর্য হার মানাবে উত্তরবঙ্গের ডুয়ার্সকেও।

এই দুয়ারসিনির জঙ্গলে এমন ইকো কটেজ রয়েছে যা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। এখানে যে কটেজগুলি রয়েছে এত সুন্দর চিত্র আঁকা দেখলেই ভালো লাগবে। চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। এই কটেজে রাত্রিবাসের জন্য আপনি অনলাইন এবং অফলাইন দুই ভাবেই বুকিং করতে পারবেন। এখানকার আতিথেয়তা এবং স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। শুধু পাখিদের কিচিরমিচির সঙ্গে জন্তুদের দূর থেকে আওয়াজ পাবেন। এখানে আপনার ভয়ের নেই, শুধু উপভোগ করতে পারবেন জায়গার সৌন্দর্য। সাইটসিইং করতে চাইলে কটেজে বলতে পারেন, তাঁরাই গাড়ির ব্যবস্থা করে দেবেন। দুদিনের ছুটিতে প্রাণ ভরা নিঃশ্বাস নিতে এবং একটু অন্যরকম অভিজ্ঞতা পেতে ঘুরে আসতে পারেন পুরুলিয়ার দুয়ারসিনি থেকে।

কী কী দেখবেন?

পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের বর্ডার এলাকায় অবস্থিত এই দুয়ারসিনি। এছাড়া ঘাটশিলা থেকে জায়গাটির দূরত্ব ২০ কিমি মতো। এই দুয়ারসিনি আপনাকে হতাশ করবে না। এখানে এলে সৌন্দর্যের আলাদাই সংজ্ঞা জানতে পারবেন। জায়গাটিতে পাহাড়,লেক, জঙ্গল, ঝরনা সব দেখতে পাবেন। আপনি যদি ঘাটশিলা থেকে যান তাহলে ঘাটশিলা থেকে কটেজ যাওযার রাস্তা তেই পেয়ে যাবেন পাহাড়ের উপরে রঙ্কিণী মাতার মন্দির। এছাড়া সাত গুরুং নদী এবং দুয়ারসিনি মাতার মন্দির, গিরি জলপ্রপাত দেখতে পাবেন।

কীভাবে যাবেন?

নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর জায়গায় কীভাবে যাবেন? সেক্ষেত্রে আপনি দুইভাবে যেতে পারবেন। হাওড়া থেকে পুরুলিয়া ট্রেনে করে আসুন তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে দুয়ারসিনি পৌঁছাতে পারবেন। এছাড়াও হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে ঘাটশিলা চলে আসুন। ঘাটশিলা স্টেশন থেকে দুয়ারসিনি কটেজ যাওয়ার সবসময় অটো পেয়ে যাবেন। দূরত্ব ২০ কিমি।