ছোটাছুটি আর নয়, মোবাইল অ্যাপেই করুন আধারের গুরুত্বপূর্ণ আপডেট! জানাল UIDAI

Published:

Aadhaar Email ID Update

অনন্যা সরকার, কলকাতা: আধার (Aadhaar) সংক্রান্ত তথ্য আপডেট করা এখন আরও সহজ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নিয়ে এল নয়া সুবিধা, যার মাধ্যমে নাগরিকরা এবার থেকে সরাসরি আধার অ্যাপ (Aadhaar App)-এর মাধ্যমেই তাদের ইমেল আইডি যোগ করতে বা আপডেট করতে পারবেন। তাই এখন থেকে ইমেল আইডি-এর তথ্য পরিবর্তন করতে আধার সেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না। এই পরিষেবা গত ১ জুলাই থেকেই চালু হয়েছে এবং ছয় মাসের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর ফলে ব্যবহারকারীদের জন্য তাদের আধার সংক্রান্ত তথ্য আপডেট রাখা আরও সুবিধাজনক হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক আধার অ্যাপে কীভাবে আপডেট করা যাবে ইমেল আইডি। 

এবার বাড়ি বসেই ইমেল আইডি আপডেট করুন আধার অ্যাপে 

এতদিন আধারের সাথে যুক্ত ইমেল আইডি যোগ বা পরিবর্তন করতে হলে আধার এনরোলমেন্ট বা আপডেট কেন্দ্রে ছুটতে হতো আমজনতাকে। তবে এখন অফিসিয়াল আধার অ্যাপের মাধ্যমেই ডিজিটালভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। আধার সেবা কেন্দ্রগুলিতে সশরীরে যাওয়ার প্রয়োজনীয়তা কমানো ও পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলার জন্যই এই পদক্ষেপ নিয়েছে UIDAI।

আধার অ্যাপের মাধ্যমে ইমেল আইডি আপডেট করার জন্য সাধারণত যে ৭৫ টাকা ফি দিতে হত, কিন্তু এখন তা নেওয়া হচ্ছে না। এই সুবিধা চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে। এই সময়ের মধ্যে আধার কার্ডহোল্ডাররা বিনামূল্যে অফিসিয়াল আধার অ্যাপে ইমেল অ্যাড্রেস আপডেট বা যুক্ত করতে পারবেন।

আধারের সাথে ইমেল আইডি যুক্ত করা দরকার কেন?

একটি রেজিস্টার্ড ইমেল আইডি ইউজারদের তাদের আধার অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে সহায়তা করে। অথেন্টিকেশন, ভেরিফিকেশন সংক্রান্ত অ্যালার্ট ও আধার পরিষেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি পেতে, UIDAI-এর সাথে যোগাযোগ সহজতর করতে এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও উন্নত নিরাপত্তার জন্য এটি প্রয়োজনীয়। যোগাযোগের তথ্য আপডেট করে রাখলে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বার্তা মিস হওয়ার ঝুঁকি থাকে না।

কীভাবে করবেন ইমেল আইডি আপডেট?

অফিসিয়াল আধার অ্যাপের মাধ্যমে ইমেল আইডি আপডেট করতে হলে – 

  • ১. প্রথমেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আধার অ্যাপটি ডাউনলোড করতে হবে। আগে থেকে ডাউনলোড করা থাকলে সেটি ওপেন করতে হবে।  
  • ২. এরপর প্রয়োজনীয় অথেন্টিকেশন বা প্রমাণীকরণের মাধ্যমে লগ-ইন (Log-in) করতে হবে।
  • ৩. লগ-ইনের পর ইমেল আইডি যোগ বা আপডেট করার অপশনটি সিলেক্ট করতে হবে। 
  • ৪. এখানে নতুন ইমেল অ্যাড্রেস লিখতে হবে।
  • ৫. স্ক্রিনে দেওয়া নির্দেশগুলি অনুসরণ করে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • ৬. সবশেষে রিকোয়েস্টটি জমা দিতে হবে।

ভেরিফিকেশন শেষ হলেই গ্রাহকের আপডেট করা ইমেল আইডিটি আধারের সাথে যুক্ত হয়ে যাবে।

আরও Aadhaar UIDAI