কমেছে উৎপাদন, চিনির পর এবার দাম বাড়বে চায়ের?

Published:

Tea price

সৌভিক মুখার্জী, কলকাতা: যেখানে কয়েকদিন আগেই চিনির দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা কেজি, সেখানে একলাফে এখন দাঁড়িয়েছে ৭০ টাকা প্রতি কেজি। কার্যত মধ্যবিত্তের হেঁসেলে এখন আগুন! গ্যাসের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন ঊর্ধ্বগতির দিকেই ঠেকছে। তবে এবার চিনির সাথে পাল্লা দিয়ে বাড়তে চলেছে চায়ের দামও (Tea Price)! জুলাই মাসের রিপোর্টে তেমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

এবার বাড়বে চায়ের দাম?

পশ্চিমবঙ্গের দার্জিলিং, অন্যদিকে অসম চা উৎপাদনের প্রধান কেন্দ্র। তবে গত জুলাই মাসে ভারতে চায়ের উৎপাদন ব্যাপক হারে হ্রাস পেয়েছে বলেই খবর। জানা গিয়েছে, জুলাই মাসে ভারতে চা উৎপাদন হয়েছে মাত্র ১৬৪ মিলিয়ন কিলোগ্রাম, যেখানে গত বছর একই সময়ে ছিল ১৮২ মিলিয়ন কিলোগ্রাম। আসলে পশ্চিমবঙ্গ এবং অসমে বর্ষা কেটে গেলেও ভারী বৃষ্টির ধারা এখনও পর্যন্ত অব্যাহত। তাই চা চাষ বিঘ্নিত হচ্ছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে চায়ের উৎপাদন আনুমানিক ১৪ শতাংশ হ্রাস পেয়ে ৪৩.৮৭ মিলিয়ন কিলোগ্রামে দাঁড়িয়েছে। এমনকি গত বছর শুধুমাত্র বাংলাতেই ৫০.৯৬ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন হয়েছিল।

এদিকে চলতি বছরের জুলাইয়ে ডুয়ার্সে ২৪.৮৩ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন হয়েছে, যেখানে গত বছর ছিল ২৮.৫১ মিলিয়ন। পাশাপাশি তরাইতে চা উৎপাদন কমেছে ১৫ শতাংশ। যেখানে গত বছর ২১.৫০ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন হয়েছিল, সেখানে এবার দাঁড়িয়েছে ১৮.২৩ মিলিয়ন কিলোগ্রাম। এছাড়া দার্জিলিঙেও চা উৎপাদন অনেকটাই কমেছে। গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে ১৫ শতাংশ। গত বছর যেখানে ০.৯৫ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন হয়েছিল, এবছর জুলাইতে তা দাঁড়িয়েছে মাত্র ০.৮১ মিলিয়ন কিলোগ্রামে।

আরও পড়ুন: অতিরিক্ত জল ছাড়ছে ডিভিসি, এই জেলাগুলিতে বন্যার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট

তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও চায়ের উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে। ভারতের মধ্যে সবথেকে বেশি চা উৎপাদিত হয় হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে। তবে চলতি বছরের জুলাই মাসে উৎপাদন ১৩ শতাংশ কমে ৯১.০৮ মিলিয়ন কিলোগ্রামে দাঁড়িয়েছে। ওই একই সময়ে গত বছর চা উৎপাদন হয়েছিল ১০৫ মিলিয়ন কিলোগ্রাম। আসলে রাজ্যটিতে অতি ভারী বৃষ্টির কারণে সিংহভাগ জায়গা বন্যায় প্লাবিত। তাই চায়ের উৎপাদনের উপর যে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। সেই সূত্রে জুলাইতে চায়ের উৎপাদন কমার কারণে দাম বৃদ্ধির আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও Assam Tea West Bengal