কেউ আটকাতে পারবেনা প্রমোশন, মেনে চলুন চাণক্যের এই কটি উপদেশ

Published:

Chanakya Niti for Career Growth

অনন্যা সরকার, কলকাতা: আচার্য চাণক্য প্রাচীন ভারতের রাজনীতি, অর্থনীতি এবং মনুষ্য আচরণের উপর ভিত্তি করে রচনা করেছিলেন তাঁর গ্রন্থ, ‘চাণক্য নীতি’ (Chanakya Niti)। হাজার হাজার বছরের পুরোনো এই নীতিগ্রন্থ এখনও মানুষের ব্যবহারিক জীবনে কাজে লাগে। যেমন চাণক্য নীতি-তে এমন কিছু বিষয়ের উল্লেখ রয়েছে, যা আজকের দিনের অফিস কালচারেও (Office Culture) গুরুত্ব রাখে। অফিসে এই নীতিগুলি অনুসরণ করলে উন্নতির সাথে সাথে মিলবে সম্মানও। আসুন, ‘চাণক্য নীতি’ থেকে সেই মহামূল্যবান তথ্যগুলি জেনে নেওয়া যাক, যা আপনাকে কর্মক্ষেত্রে অনন্য করে তুলবে।

কখনও নিজের দুর্বলতা অপরের সামনে প্রকাশ করবেন না

আচার্য চাণক্য বলেন যে, অফিসে বা কর্মক্ষেত্রে কারোর সামনে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করা উচিত নয়। এতে অসাধু ব্যক্তিরা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে।

নিজেকে করুন এই তিনটি প্রশ্ন

চাণক্য নীতিতে বলা রয়েছে, অফিসের কোনো প্রজেক্ট বা কাজ শুরু করার আগে, একজন ব্যক্তিকে অবশ্যই নিজেকে তিনটি প্রশ্ন করতে হবে। এগুলি হল – ১) আমি এটা কী উদ্দ্যেশে করছি? ২) এর থেকে কী ফল মিলতে পারে ? এবং ৩) আমি কি এই কাজে সফলতা পাবো? যখন আপনার মনই আপনাকে এই উত্তরগুলো দেবে, তখন আপনি বুঝে যাবেন এই কাজ আপনার জন্য সঠিক কিনা।

সহকর্মীদের ভুল থেকেও শেখার আছে

অফিসে সবাই একত্রিতভাবে কাজ করে। অনেক সময় একটা ছোট ভুলও অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই চাণক্য বলছেন, অন্যদের ভুল থেকেও শেখা উচিত। যদি আপনার সামনে থাকা কোনো ব্যক্তিকে তার কোনো ভুলের জন্য উর্দ্ধতন কর্মকর্তা ভর্ৎসনা করেন, তবে নিজেও সেই ভুল করা থেকে বিরত থাকুন।

নিজের পরিকল্পনা অপরের সাথে ভাগ করবেন না

চাণক্য নীতি বলছে, নিজের পরিকল্পনা অন্যের সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। বর্তমান যুগে দাঁড়িয়ে অফিসের ক্ষেত্রেও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা কারোর সাথে ভাগ করবেন না, কারণ কর্মক্ষেত্রে অনেকেই আপনার পরিকল্পনা চুরি করে আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

শৃঙ্খলাপরায়ণ হন

অফিস বা কর্মক্ষেত্রে সম্মান ও উন্নতিলাভের জন্য শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের মূল্য বুঝতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করে ফেলা দরকার, কেননা ঊর্ধ্বতন কর্মকর্তারা শৃঙ্খলাবদ্ধ কর্মীদের ওপর বেশি নির্ভর করেন।