অনন্যা সরকার, কলকাতা: নভেম্বর মাস পড়ে গিয়েছে, শীতও দরজায় কড়া নাড়ছে। এই শীতের ছুটিতে যদি বকখালি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে ট্রেনের পাশাপাশি সড়কপথে যাওয়ার জন্যও সরকারি বাস পরিষেবা উপলব্ধ রয়েছে (CTC Kolkata Bakkhali Bus)। এখন ধর্মতলা থেকে সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাসে সরাসরি বকখালি যেতে পারবেন পর্যটকরা। এটি একটি সুবিধাজনক উপায়, যা সময় বাঁচানোর সাথে সাথে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে। আসুন তাহলে সিটিসি (CTC) পরিচালিত কলকাতা থেকে বকখালিগামী এসি বাসটির রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
কলকাতা – বকখালি বাসের রুট ও সময়সূচি
সিটিসি-এর এই এসি বাসটি ধর্মতলা থেকে রওনা হওয়ার পর পিটিএস (PTS), তারাতলা, শিরাখোল, সরিষা, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা এবং ফ্রেজারগঞ্জ হয়ে বকখালিতে পৌঁছায়। যে বাসটি সকাল ৬:০০ টায় ধর্মতলা থেকে ছাড়ে, সেটি সকাল ১০:০০ টার মধ্যে বকখালিতে পৌঁছায়।
প্রতিদিন সকাল ৬:০০ টা, ৭:০০টা এবং ৮:০০টায় ধর্মতলা থেকে এই এসি বাস পরিষেবা পাওয়া যায়। ফলে যাত্রীরা সকালের দিকে যাত্রা শুরু করে দুপুরের মধ্যেই বকখালিতে পৌঁছে যেতে পারবেন। ধর্মতলা থেকে বকখালির বাস ভাড়া ২৪০ টাকা। তবে সরকারি বাস হওয়ায়, মহিলা যাত্রীরা তাঁদের আধার কার্ড দেখিয়ে এতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুন: হলদিয়া থেকে সরাসরি চিত্তরঞ্জন যাওয়ার একমাত্র সরকারি বাস, জানুন রুট ও সময়সূচি
আগ্রহী গ্রাহকরা ডব্লিউবিটিসি (WBTC)-এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbtconline.in/home-এর মাধ্যমে অনলাইনে টিকিট বুক করতে পারেন। অনলাইনে বুকিং করার সময় নিজের পছন্দমতো সিট বেছে নেওয়া যাবে। এছাড়া, ধর্মতলার ৫ নম্বর টিকিট কাউন্টার থেকে সরাসরিও টিকিট কেনা যাবে।









