অনন্যা সরকার, কলকাতা: বর্ষা পড়তেই বাঙালির মনটা কেমন ‘ইলিশ ইলিশ’ (Ilish) করে ওঠে। ঝালে, ঝোলে বা অম্বলে – বাঙালি রসনাতৃপ্তি করতে সর্বত্রই আছে রুপোলি শস্য। দাম এখন আকাশছোঁয়া হলেও, বৃষ্টিমুখর দিনে বাঙালি তৃপ্তি করে ইলিশ খাবে না, তাও কি হয়! তবে বাজারে গিয়ে ঠিক কোন ইলিশটা বেছে নেবেন, তা নিয়ে অনেকই ধন্দে থাকেন। কাঁচা ইলিশ, পাকা ইলিশ – দুয়ের মধ্যেই পার্থক্যটাই বা কী? কোনটা বেশি ভালো? এই প্রশ্নগুলো অনেকেরই মাথায় ঘুরপাক খায়। এই নিবন্ধে থাকছে তারই উত্তর। চলুন জেনে নিই।
কাঁচা ইলিশ ও পাকা ইলিশের পার্থক্য
ইলিশ মাছ মূলত দুই ধরনের – কাঁচা ইলিশ এবং পাকা ইলিশ। তবে, অনেকের ধারণা পাকা ইলিশই হয়তো সেরা। কিন্ত বিশেষজ্ঞরা বলছেন কাঁচা ইলিশ স্বাদে লড়াইয়ে এগিয়ে রয়েছে। কিন্তু এই কাঁচা ইলিশ কী? আসলে যে ইলিশ মাছ নদী থেকে তোলার পর সরাসরি বাজারে আসে, সেগুলিকেই বলে কাঁচা ইলিশ। টাটকা হওয়ায় এর দাম হয় অনেকটাই বেশি।
তবে স্বাদে অতুলনীয় এই মাছ। সরষে দিয়ে ভাপা করুন বা বেগুন দিয়ে ঝোল – এই মাছ পাতে পড়লে আর দেখতে হবে না। নিমেষেই চেটেপুটে সাফ হবে থালা। অন্যদিকে, পাকা ইলিশ হল সেইসব মাছ যেগুলোকে নদী থেকে তুলে এনে কোল্ড স্টোরেজে (Cold Storage) মজুত রাখা হয়। বরফে জমানো এই মাছ পরে আসে বাজারে।
আরও পড়ুনঃ রাত ১২ টা বাজতেই বন্ধ হয়ে যাবে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল কারফিউ জারি সরকারের
তবে প্রশ্ন হল, মাছটি কাঁচা না পাকা, তা চিনবেন কীকরে? কয়েকটি বাহ্যিক লক্ষণ দেখেই চিনে নেওয়া যায় কাঁচা ইলিশ। সবার আগেই দেখতে হবে চোখ। কাঁচা ইলিশের চোখ পরিষ্কার ও উজ্জ্বল থাকে। শরীর হয় ঠান্ডা আর গায়ের ওপরের চামড়াটা সহজে আলগা হয়ে আসে না। এতে তেলের পরিমাণ থাকে বেশি, তাই এই মাছ ভাজলে স্বাদ আরও বেড়ে যায়। এই কারণে ইলিশপ্রেমীরা পাকা মাছের চেয়ে কাঁচা ইলিশই বেশি পছন্দ করেন।










