প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ ছাড়া বাঙালির জীবন যেন বৃথা, তিন বেলা মাছ চাই-ই চাই। সে মাছের গ্রেভি হোক কিংবা ভাজা। অনেকেই পমফ্রেট মাছ খেতে ভালবাসেন। কালোজিরে দিয়ে বেগুন-আলু পমফ্রেটের গরম ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আবার পুরু ব্যাটারে ডোবানো ফিশ ফ্রাই হিসেবেও পমফ্রেট (Pomfret) মাছ খায় অনেকে। তবে একঘেয়ে ঝোল-ঝালের বদলে বানাতে পারেন এই তিলেশ্বরী পমফ্রেট (Tileswari Pomfret)। স্বাদে হবে দুর্দান্ত। লাগবে কিছু সামান্য পদ, চলুন একনজরে সম্পূর্ণ রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
তিলেশ্বরী পমফ্রেট মাছ বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলি হল — পমফ্রেট মাছ, নুন, হলুদ গুঁড়ো, সাদা তিল, পোস্ত, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, কালো জিরে, টক দই, সর্ষের তেল।
আরও পড়ুন: ভুলে যাবেন ভেটকি পাতুরির স্বাদ! আজই বাড়িতে বানান নারকেল চিংড়ির এই অনবদ্য রেসিপি
রান্নার পদ্ধতি
পমফ্রেট মাছের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা মাছগুলোকে ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে সাদা তেল এবং পোস্ত বেটে নিতে হবে। পুরোটা যাতে মিহি হয়, সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে হালকা ভেজে নিতে হবে। মাছগুলো এপিঠ ওপিঠ ভাজার পর একটি পাত্রে তুলে নিতে হবে।
আরও পড়ুন: পটল দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত নিরামিষ রোস্ট, রইল রেসিপি
এবার একটি বাটিতে জল ঝরানো টক দই এর সঙ্গে তিল পোস্ত বাটা মাখিয়ে নিতে হবে। এবং দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, নুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো। মাছ ভাজার তেলেই এবার কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে তিল পোস্ত বাটা ঢেলে দিতে হবে। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। ধীরে ধীরে ওই মশলা থেকে তেল বেরিয়ে এলেই গ্রেভীর জন্য পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে। ঝোল ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। রান্না নামানোর আগে সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা উপর থেকে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরী তিলেশ্বরী পমফ্রেট।










