আরও এক দেশে চালু হল ভারতের UPI

Published:

UPI Payment

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও এক দেশে ভারতের ইউপিআই ব্যবস্থা (UPI Payment) কার্যকর। এবার থেকে কম্বোডিয়ায় (Cambodia) বেড়াতে গেলে বা ব্যবসায়িক কাজে যাওয়া ভারতীয় পর্যটকরা কোনও ক্যাশ বা আন্তর্জাতিক ক্রেডিট, ডেবিট কার্ডের ঝামেলা ছাড়াই সরাসরি ইউপিআই-র (Unified Payment Interface) মাধ্যমে করতে পারবে পেমেন্ট। এনপিসিআই-র আন্তর্জাতিক শাখা এনআইপিএল এবং কম্বোডিয়ার অ্যাক্লেডা ব্যাঙ্কের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে। যার ফলে ইউপিআই নেটওয়ার্কের সঙ্গে কম্বোডিয়ার জাতীয় কিউআর কোড ব্যবস্থার সরাসরি সংযোগ হল।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

কম্বোডিয়া সফরকারী ভারতীয় নাগরিকরা তাদের ফোনে থাকা যে কোনও সক্রিয় ইউপিআই অ্যাপ যেমন গুগল পে, ফোনপে কিংবা পেটিএম দিয়েই দেশের ৪৫ লক্ষের বেশি দোকানে থাকা কিউআর কোড স্ক্যান করে মুহূর্তের মধ্যেই পেমেন্ট করতে পারবে। যার কারণে কোনও ক্যাশ টাকা বা ক্রেডিট, ডেবিট কার্ডের দরকার পড়বে না। সরাসরি ব্যবহারকারীর ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা কেটে নেওয়া হবে।

আসলে বিদেশ ভ্রমণের সময় অতিরিক্ত ক্যাশ কিংবা বৈদেশিক মুদ্রা পকেটে নিয়ে ঘোরা যে বড়সড় ঝামেলা তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ইউপিআই চালু হলে সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবে ভারতীয়রা। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন ব্যবহারের ক্ষেত্রে যে চড়া কারেন্সি কনভারশন ফি এবং অতিরিক্ত ট্রানজাকশন চার্জ দিতে হতো, তা থেকেও মুক্তি পাবে ভারতীয় নাগরিকরা। এছাড়াও ছোট দোকান, ক্যাফে, রেস্তোরাঁ কিংবা বিভিন্ন দর্শনীয় স্থানের রিয়েল-টাইম কনফার্মেশনের মাধ্যমে ক্যাশলেস লেনদেন করা যাবে। আর কম্বোডিয়ার নমপেন, সিয়েম রিপের মতো আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণের ক্ষেত্রে কোনও রকম সমস্যা হবে না।

আরও পড়ুন: চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ওয়েবসাইট, দেখুন ঠিকানা ও আবেদন পদ্ধতি

রয়েছে অন্যান্য দেশেও ইউপিআই ব্যবস্থা

উল্লেখ্য, কম্বোডিয়া ছাড়াও বর্তমানে বিভিন্ন দেশে সফলভাবে ভারতের ইউপিআই কাজ করছে। যেমন ভুটান, ফ্রান্স, মরিশাস, নেপাল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি। আর এবার সেই তালিকায় যুক্ত হল কম্বোডিয়া। ফলে ইউপিআই ব্যবস্থার পরিধি যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।