‘পড়িয়ে কী হবে’ শুনেছিল বাবাহীন মেয়ে, মোমবাতির আলোয় পড়ে UPSC ক্র্যাক, আজ IPS ইলমা

Published:

UPSC Success Story

অনন্যা সরকার, কলকাতাঃ মেয়েকে বাড়িতে রাখো! পড়াশোনা করিয়ে কী হবে? – এমন সব কটাক্ষ শুনেও হার না মেনে আজ সাফল্যের শীর্ষে পৌঁছালেন উত্তরপ্রদেশের মুরাদাবাদের মেয়ে ইলমা আফরোজ (Ilma Afroz IPS)। ছোটবেলা থেকে সংঘর্ষ করে, মোমবাতির আলোয় পড়াশোনা করে আজ তিনি আইপিএস (IPS) অফিসার। অল্প বয়সে বাবাকে হারিয়েছেন ইলমা। প্রতিবেশীরা বললেন, মেয়ে হয়ে জন্মেছে, কি আর করবে বাড়িতেই থাকো। কিন্তু এই সমস্ত কথা ইলমার মনোবলকে ভেঙে দিতে পারেনি। ইউপিএসসি-র মতো দেশের অন্যতম কঠিন পরীক্ষায় পাশ করে (UPSC Success Story) ইন্ডিয়ান পুলিশ সার্ভিস জয়েন করেছেন ইলমা। চলুন জেনে নিই তার সাফল্যের কাহিনী। 

অল্প বয়সে বাবাকে হারিয়ে কাঁধে চাপলো সংসারের ভার

১৪ বছরের কিশোরী ইলমা চোখের সামনে দেখেছে ক্যান্সার আক্রান্ত বাবার মৃত্যু। তারপর থেকে দারিদ্র্যের সাথে সংঘর্ষ করে কেটেছে তার দিন। তবু পড়াশোনাকে সে কখনো দূরে সরায়নি। সে সময় সংসারের সমস্ত দায়িত্বভার বহন করেছিলেন ইলমার মা। 

বাকি বাচ্চারা যেখানে প্রাইভেট টিউটরের সাহায্য নিচ্ছে, সেখানে ইলমার ঘরে পড়াশোনার জন্য বিদ্যুতের আলো পর্যন্ত ছিল না। মোমবাতির আলোয় পড়াশোনা করে ইলমা দিল্লি ইউনিভার্সিটির সেন্ট স্টিফেন কলেজে ভর্তি হন। অত্যন্ত মেধাবী ইলমা অর্জন করেন স্কলারশিপ। তার দৌলোতেই পান অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগও। 

ইলমা জানান তার বাবার মৃত্যুর পর থেকেই সংসারের অভাব অনটন কম ছিল না, আর তার সাথেই ছিল পারিপার্শ্বিক মানুষদের কটাক্ষ। সবাই বলতো মেয়ে হয়েছে, কি আর করবে, মায়ের সাথেই ঘর সামলাক। কিন্তু তার মা কখনো তাকে হার মানতে শেখাননি। প্রয়োজনে ক্ষেতে গিয়েও কাজ করেছেন কিন্তু মেয়েকে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য সর্বদা উৎসাহ দিয়ে গেছেন। 

আরও পড়ুনঃ নতুন আবেদনকারীদের অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা কবে ঢুকবে? জানালেন অগ্নিমিত্রা পাল

অক্সফোর্ডে পড়াশোনা শেষ করার পর বিদেশেই চাকরির সুযোগ পান ইলমা আফরোজ। কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বরাবরই তার স্বপ্ন ছিল শুধু ভালো চাকরি পাওয়া নয়, বরং নিজের দেশের জন্য কিছু করা। দেশে ফিরে এসে তিনি ইউপিএসসি (UPSC) পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। আর কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরে ২০১৭ সালে তিনি আইপিএস অফিসার হয়ে নিজের স্বপ্ন পূরণ করেন। ইউপিএসসি-তে তার র‍্যাংকিং ছিল ২১৭। ২০১৮ সালে হিমাচল ক্যাডারে যোগ দেন। আজ অদম্য জেদ, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম দিয়ে কোটি কোটি যুবক যুবতীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন ইলমা আফরোজ।