সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি এখনও পর্যন্ত আপনার গাড়িতে হাই সিকিউরিটি নম্বর প্লেট (High Security Number Plate) লাগাননি? তাহলে আজই সাবধান হয়ে যান। কারণ, আগামী ১৫ এপ্রিল থেকেই শুরু হচ্ছে নতুন নিয়ম। নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত গাড়িতে এই বিশেষ নম্বর প্লেট লাগানো নেই, সেগুলির জন্য আর ধোঁয়া নিয়ন্ত্রণ সার্টিফিকেট বা পিইউসি (PUC Certificate) ইস্যু করা হবে না। অর্থাৎ, নম্বর প্লেট না থাকলে আপনার গাড়িটি আর রাস্তায় চলতে পারবে না, বা রাস্তায় চলার অযোগ্য বলেই গণ্য করা হবে।
কেন নতুন নিয়ম?
উত্তরপ্রদেশ সহ ভারতের একাধিক রাজ্যে এই নিয়ম কার্যকর হতে চলেছে বলেই খবর। হাই সিকিউরিটি নম্বর প্লেট না থাকলে কেবলমাত্র বিপুল পরিমাণ টাকা জরিমানা বা চালান কাটবে তাই নয়, বরং দূষণ পরীক্ষার সার্টিফিকেট বা পিইউসি না মেলার কারণে গাড়িটির বিমা কিংবা অন্যান্য আইনি নথিপত্র প্রশ্নের মুখে পড়তে পারে। সেক্ষেত্রে গাড়ির মালিকানা নিয়েও উঠতে পারে প্রশ্ন।
আসলে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট শুধুমাত্র যে সরকারি নিয়ম এমনটা নয়, বরং আপনার গাড়ির সুরক্ষার ক্ষেত্রেও প্রয়োজনীয়। প্রথমত, এই প্লেটটি বিশেষভাবে লক করা থাকে যা সহজে খোলা বা বদলানো যায় না। দ্বিতীয়ত, প্রতিটি প্লেটে একটি লেজার নম্বর থাকে যা সরাসরি ডেটাবেসের সঙ্গে যুক্ত। তৃতীয়ত, রাতে এই প্লেটের রেট্রো রিফ্লেক্টিভ শিট অনেক দূর থেকেই স্পষ্ট বোঝা যায়।
বাড়ি বসেই করুন নম্বর প্লেটের আবেদন
উল্লেখ্য, আরটিও অফিসে গিয়ে এখন এই নম্বর প্লেট লাগানোর জন্য লাইনে দাঁড়ানোর কোনও ঝামেলা নেই। এখন স্মার্টফোন থেকে আপনি আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে নিজের ফোন বা ল্যাপটপের ব্রাউজার থেকে bookmyhsrp.com ওয়েবসাইট ভিজিট করুন।
- এরপর হোমপেজে থাকা ‘High Security Registration Plate with Colour Sticker’ অপশনটিকে বেছে নিন।
- এরপর আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিন নম্বর এবং চ্যাসিস নম্বর দিয়ে বুকিং শুরু করুন।
- এরপর আপনার জেলা এবং নিকটবর্তী ডিলার শোরুম বেছে নিন।
- তারপর নিজের সুবিধামতো দিন এবং স্লট বুক করুন।
- এরপর অনলাইনে ফি জমা দিয়ে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে রাখুন।
আরও পড়ুন: ‘আমরা এসব নিয়ে কিছু বলব না!’ ট্রাইবুনালই শেষ ভরসা, জানাল সুপ্রিম কোর্ট
সবথেকে বড় ব্যাপার, অনেক শহরে এখন অতিরিক্ত কিছু চার্জের বিনিময়ে বাড়িতে এসেই এই নম্বর প্লেট লাগিয়ে দিয়ে যাওয়া হয়। তাই আবেদন করার সময় আপনার পিন কোড দিয়ে চেক করে নিতে ভুলবেন না যে, এই পরিষেবা আপনার ঠিকানায় উপলব্ধ কিনা।












