প্রকাশ্যে রাজ্যে JECA 2026 পরীক্ষার দিন, কীভাবে আবেদন সহ জানুন খুঁটিনাটি তথ্য

Published:

WBJEEB

প্রীতি পোদ্দার, কলকাতা: শুরু হয়ে গিয়েছে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এগজাম (West Bengal Joint Entrance Exam) ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন ২০২৬-এর আবেদন গ্রহণের প্রক্রিয়া। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড-এর তরফে ঘোষণা করা হয়েছে পরীক্ষার দিন। ডব্লিউবিজেইই ওয়েবসাইট থেকেই জানানো হয়েছে আগামী ১৪ জুন হতে চলেছে পরীক্ষা। পরীক্ষার দিন, প্রশ্নপত্রের ধরন কেমন আসবে বা কোন কোন বিষয়ে বেশি নজর দিতে হবে তাই নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিল WBJEEB।

কবে মিলবে পরীক্ষার অ্যাডমিট কার্ড?

জানা গিয়েছে, ৯ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড তথা WBJEEB তরফে ২০২৬-এর জয়েন্ট এন্ট্রান্স এগজাম ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার আবেদন প্রক্রিয়া। যা চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। জানানো হয়েছে আবেদনপত্রে যদি পরীক্ষার্থীর জন্য তথ্যে ভুল থাকে তাহলে তা সংশোধন করা হবে ২৪ ও ২৫ এপ্রিলের মধ্যে। সবশেষে পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ৪ থেকে ৯ জুন পর্যন্ত। WBJEEB প্রবেশিকা পরীক্ষাটি নেবে ১৪ জুন, সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে এই পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে তা এখনও জানানো হয়নি।

পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাটার্ন

আবেদনের জন্য সাধারণ বিভাগের প্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। এবং বাকি অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের দিতে হবে ৪০০ টাকা করে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে পাঠ্যক্রম ও পরীক্ষার ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দু’টি ভাগ মিলিয়ে মোট ১০০টি প্রশ্ন থাকে। কিন্তু মোট নম্বর থাকে ১২০। এমসিকিউ-এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকে। প্রতি প্রশ্নে নম্বর থাকে এক ও দুই করে। কোনও কোনও ক্ষেত্রে নেগেটিভ মার্কিং-ও রয়েছে। OMR শিটের মাধ্যমে পরীক্ষা হবে।

পরীক্ষার সিলেবাস

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে পরীক্ষার্থীদের সিলেবাস সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সি প্রোগ্রামিং, ডেটা টাইপস, ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ভূমিকা, কম্পিউটার নেটওয়ার্ক, ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং-সহ কম্পিউটারের অ্যাপ্লিকেশনের নানা বিষয় থেকে প্রশ্ন আসবে। তাই এই টপিকগুলো নিয়ে ছাত্র ছাত্রীরা যেন বেশি চর্চা করে। ক্যালকুলেটর, পেন, ঘড়ি, ফোন, ব্লুটুথ ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষেধ। এবং অবশ্যই কেন্দ্রে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে ঢুকতে হবে।

আরও পড়ুন: দাগিদের ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম! কমিশনের কাছে গেল ৯০ জনের তালিকা

কীভাবে আবেদন করবেন?

wbjeeb.nic.in— এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। হোমপেজ খুললেই সেখান থেকে ‘জেইসিএ ২০২৬’ লেখাটির উপর ক্লিক করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর পরে রেজিস্ট্রেশন নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে। এরপর আবেদনপত্রটি পূরণ করে নিতে হবে প্রয়োজনীয় তথ্য এবং নথি দিয়ে। নজর রাখতে হবে যেন কোনো ভুল না হয়। সব শেষে আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা করে আবেদনপত্রটি ‘সাবমিট’ করতে হবে। ভবিষ্যৎ প্রয়োজন এর কথা মাথায় রেখে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন। কলকাতা, বাঁকুড়া, কোচবিহার, হাওড়া, দার্জিলিং, হুগলি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা হবে।

google button