রাজ্যে এনকাউন্টার, ঋতব্রতকে ঝটকা, ধর্ষণ কাণ্ড…! আজকের সেরা ১০টি খবর

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ নভেম্বর, শুক্রবার। রাজ্যে ফের এনকাউন্টার, ঋতব্রতকে ঝটকা হাইকোর্টের, মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) সরস্বতী ঠাকুরের ছবি আঁকায় ছিঁড়ে দিলেন শিক্ষক

অঙ্কন প্রতিযোগিতার খাতায় সরস্বতী ঠাকুরের ছবি আঁকায় আজব কাণ্ড ঘটালেন শিক্ষক। “এই ছবি আঁকা যাবে না” বলে জানিয়ে দিয়েছেন ওই পরীক্ষক। এমনকি সেই ছবি ছিঁড়ে পর্যন্ত ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার চাঁচল এলাকায়। জানা গিয়েছে, সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত এই শিক্ষকের নাম আফতাবউদ্দিন। ইতিমধ্যেই স্কুলকে ঘিরে অভিভাবক এবং প্রতিবেশীরা বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি ওই শিক্ষকের বরখাস্তের দাবিও উঠেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) মুম্বাইয়ের অধিনায়ক হলেন রোহিত শর্মা

অবশেষে ২০২৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল মুম্বাই ইন্ডিয়ান্স। আর প্রত্যাশিত মতোই এবার অধিনায়ক হলেন রোহিত শর্মা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ফের দায়িত্ব তুলে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন দল। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাফল্য দিতে পারেনি হার্দিক পান্ডিয়া। সেই কারণে এবার তাঁকে ছেড়ে দিয়েছে মুম্বাই। জল্পনা চলছিল, এবার রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হতে পারেন। তবে রোহিত শর্মাকেই দলের নেতা হিসেবে স্বীকৃতি দিল এমআই। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার

আদালতে স্বস্তি পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে তাঁর বিরুদ্ধে ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। তবে সেই মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। যদিও ওই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে রক্ষাকবচের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে এদিন কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফ থেকে মামলা প্রত্যাহার করার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যের আইনজীবী। তার পরপরই বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মামলাটি নিষ্পত্তি করে দেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) রাজ্যে আরও ৪টি মেডিকেল কলেজ গঠনের ঘোষণা

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্ডালে বেসরকারি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। তবে সেখানেই বড় প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, রাজ্যে আরও চারটি মেডিকেল কলেজ গড়ে উঠবে। যার জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে। তার কথায়, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসে না তাদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম রয়েছে।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) ঋতব্রত বিরোধী দলনেতা নন, জানিয়ে দিল হাইকোর্ট

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরাট ঝটকা দিল কলকাতা হাইকোর্ট। তিনি আর বিরোধীদল নন বলেই জানিয়ে দিল রাজ্যের উচ্চ আদালত। তৃণমূলের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে আজ এমনই রায় দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। এমনকি আগামী ১০ দিনের মধ্যেই বিরোধী দলনেতা কে হবেন তা ঠিক করতে হবে স্পিকার রথীন্দ্র বসুকে। আপাতত এই ১০ দিন পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনও বিরোধী দলনেতা থাকবে না। তবে সেক্ষেত্রে শোভন দেব চট্টোপাধ্যায় হবেন নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফের এই পদে বসবেন তা এখনও স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষার ৪৪ দিন পর প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। জানা গিয়েছে, এই সেমিস্টারে ৯২.৫৮ শতাংশ ছাত্র পাশ করেছে। পাশাপাশি ছাত্রীদের পাশের হার ৯২.৬৬ শতাংশ। তবে পাশের হারে প্রথম পাঁচে নেই কলকাতা। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করেই এই ফলাফলের কথা জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে নদীয়া। সেখানে পাশের হার ৯৫ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) শিক্ষক-শিক্ষা কর্মীদের জন্য নয়া নির্দেশিকা বিকাশভবনের

রাজ্যের স্কুল শিক্ষক-শিক্ষা কর্মীদের জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিল সরকার। বিকাশভবনের তরফ থেকে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে, এবার থেকে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের অবাধ গতিবিধির ক্ষেত্রে বিশেষ অভিযান চালানো হবে। এমনকি তাদের কোনও কাজে দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাইলে আগাম অনুমতি নিতে হবে। কোনও কারণ ছাড়া এবার থেকে শিক্ষক এবং শিক্ষা কর্মীরা আর স্কুল ছেড়ে দপ্তরে আসতে পারবেন না। পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) এসটিকেকে সড়কের জন্য ২৯১.৬৪ কোটি টাকা বরাদ্দ

সপ্তগ্রাম-ত্রিবেণী-কালনা-কাটোয়া বা এসটিকেকে সড়কটিকে প্রশস্ত করার জন্য এবার ২৯১.৬৪ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। এর ফলে হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সড়ক পরিকাঠামো উন্নয়নের বৃহত্তর পরিকল্পনা হিসেবে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়গড়ি গতকাল কোলাঘাটে পশ্চিমবঙ্গে সড়ক প্রকল্পের বেশ কয়েকটি প্রস্তাব দেন, যার মধ্যে এটি অন্যতম। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) চাকদহে মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণ

নদীয়ার চাকদহে মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। এমনকি যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পেল না দুই শিশু কন্যা। রাতের অন্ধকারে ওই নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা এবং নারকীয় অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, বুধবার রাত ১২:৪০ মিনিট নাগাদ প্রায় ছয় থেকে সাত জন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। এমনকি ভাঙচুর পর্যন্ত চালানো হয়। আর গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) ফের আসানসোলে এনকাউন্টারে জখম অভিযুক্ত

ফের বাংলায় এনকাউন্টার। আসানসোলে পুলিশের গুলিতে জখম হল অভিযুক্ত প্রতাপ। জানা গিয়েছে, গ্রেপ্তারের আশঙ্কায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিলেন এই সাইবার প্রতারক। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইলে অপারেশন চালিয়ে ওই অভিযুক্তকে খুঁজে বের করেন তদন্তকারী আধিকারিকরা। সেখানেই পুলিশের উপর হামলা চালায় সে। পাল্টা পুলিশের গুলি তাঁর পায়ে এসে লাগে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই অভিযুক্ত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button