আরও উন্নত হবে হুগলি-পূর্ব বর্ধমান যোগাযোগ, সড়ক উন্নয়নে ২৯১.৬৪ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Published:

STKK Road Widening Project

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সপ্তগ্রাম-ত্রিবেণী-কালনা-কাটোয়া বা এসটিকেকে (STKK Road) সড়কটিকে প্রশস্ত ও উন্নত করার জন্য ২৯১.৬৪ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে। এর ফলে হুগলি ও পূর্ব বর্ধমান জেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সড়ক পরিকাঠামো উন্নয়নের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি ঘোষণা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। 

সড়ক প্রশস্তকরণের ঘোষণা কেন্দ্রের 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোলাঘাটে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি সড়ক প্রকল্পের পাশাপাশি এসটিকেকে প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্পটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। স্থানীয়ভাবে ‘স্টেট হাইওয়ে ৬’ (State Highway 6) নামে পরিচিত এই পথটি দক্ষিণবঙ্গে বাণিজ্যিক যানবাহন ও যাত্রী পরিবহনের জন্য অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা। হুগলির বাঁশবেড়িয়া-ত্রিবেণী-গুপ্তিপাড়া থেকে শুরু হয়ে কালনা, সমুদ্রগড় ও নবদ্বীপ ঘাট হয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি সংকীর্ণ হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই ঘনঘন যানজটের শিকার হয়ে আসছিল।

এই প্রকল্পের অধীনে বান্দেবাজ (গুপ্তিপাড়া) থেকে কাটোয়া পর্যন্ত অংশটি প্রশস্ত করা হবে। রাস্তার ভিত্তি মজবুত করার পাশাপাশি প্রয়োজনীয় কালভার্ট ও নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে। দুর্ঘটনা রোধ করার জন্য উন্নত ট্রাফিক সিগন্যাল ও নিরাপত্তা ব্যবস্থাও চালু করা হবে।

আরও পড়ুন: সেলুনে চুল কাটতে গিয়েই প্রাণ গেল যুবকের, নাপিতের কাণ্ডে চরম শোরগোল ইসলামপুরে

এই উদ্যোগের ফলে হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও মসৃণ ও দ্রুততর হবে। প্রকল্প বাস্তবায়িত হলে কালনা, পূর্বস্থলী ও কাটোয়ার মতো কৃষিপ্রধান অঞ্চল থেকে আলু, ধান, পাট ও শাকসবজির মতো কৃষিপণ্য কলকাতা এবং তার পার্শ্ববর্তী বাজারগুলোতে সহজে ও মসৃণভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। যানজট কমবে, ফলে যাত্রীদের সময়ও সাশ্রয় হবে।

ত্রিবেণী, গুপ্তিপাড়া, কালনা ও কাটোয়ার মতো ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলোতে ভ্রমণকারী পর্যটক ও তীর্থযাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠবে। এছাড়া, কালনার ১০৮ শিব মন্দিরসহ নিকটবর্তী তীর্থস্থানগুলোতে দর্শনার্থীদের সমাগম বাড়ার সম্ভাবনাও তৈরি হবে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর টেন্ডার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজগুলি সম্পন্ন হলেই নির্মাণ কাজ শুরু হবে।

google button