বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ‘ভার্গবাস্ত্র’ পেয়ে গেল ভারত (Indian Army)। রাজস্থানের পোখরানে সফলভাবে পরীক্ষা হল দেশীয়ভাবে তৈরি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাটির (Bhargavastra)। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় এই বিশেষ ভার্গবাস্ত্রর। রিপোর্ট অনুযায়ী, ভারতের এই ড্রোন ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি 64টি মাইক্রো রকেটের অবিরাম বর্ষণের মাধ্যমে ড্রোনের ঝাঁককে লক্ষ্যবস্তু করে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
ভার্গবাস্ত্র তৈরি করল কোন সংস্থা?
ড্রোনের জন্য বিপদজনক ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড। মূলত মাইক্রো মিসাইলের উপর ভিত্তি করে তৈরি এই বিশেষ ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটি একসাথে 64টি মাইক্রো রকেট দাবানলের গতিতে নিক্ষেপ করে বড় ড্রোনের ঝাঁক বা ড্রোন দলকে লক্ষ্যবস্তুকে পরিণত করে এবং সেগুলিকে ধ্বংস করে। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, আধুনিক যুদ্ধের যুগে ভবিষ্যতে শত্রুর ড্রোন ধ্বংস করতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই এগিয়ে রাখবে এই ভার্গবাস্ত্র।
বলা বাহুল্য, বর্তমান সময়ে আধুনিক যুদ্ধের অন্যতম বড় হাতিয়ার ড্রোন। যুদ্ধের ময়দানে বড় বড় কামান বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করার থেকে অল্প সময়ের মধ্যে ছোট ড্রোন ব্যবহার করে শত্রুকে কাবু করা যায়। ইতিমধ্যেই ড্রোন ব্যবহার করে সাফল্যের পথ দেখিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। শুধু তাই নয়, গত বছর ভারত এবং পাকিস্তানের সংঘাতের সময়েও ড্রোনের গুরুত্ব বুঝেছিল ভারত। তাই শিক্ষা নিয়ে বিগত দিনগুলিতে উন্নত ড্রোন তৈরি এবং আমদানির উপর জোর দিয়েছে নয়া দিল্লি।
#WATCH | Solar Defence and Aerospace Limited (SDAL) has successfully designed, developed and integrated Bhargavastra, a Vehicle-Mounted Counter Swarm Drone System (VMCSDS), and completed its in-house development trials at Pokaran field firing ranges from 20th to 24th November… pic.twitter.com/vqRANmqNlJ
— ANI (@ANI) November 26, 2026
আরও পড়ুন: ‘অরুণাচল প্রদেশ অবৈধভাবে দখল করে রেখেছে ভারত’, ঘোষণা চিনের
তবে শুধু ড্রোন কিনে শক্তি বাড়ানোই নয়, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও যথেষ্ট চিন্তিত ভারত। ঠিক সেই কারণেই শত্রুর ড্রোন ধ্বংস করতে নিজেদের প্রথম ভার্গবাস্ত্র পাচ্ছে ভারতীয় সেনা। যা খবর, প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করে নেওয়ার ক্ষমতা রয়েছে এই ভার্গবাস্ত্র নামক ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটির। এর আগে ওড়িশার গোপালপুরে এক দফা উৎক্ষেপণ হয়েছিল এই ভার্গবাস্ত্র-র। এবার রাজস্থানের পোখরানে সফল উৎক্ষেপণ সম্পন্ন হল। শুধু তাই নয়, এই সময় প্রতিরক্ষা ব্যবস্থাটির নকশাও পরীক্ষা করে দেখা হয়েছে বলেই খবর।


