অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: এবার দিঘার (Digha) পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে নতুন আকর্ষণ। নিউ দিঘায় দিঘাশ্রী কনভেনশন সেন্টারের উল্টোদিকে, ওড়িশা সীমান্তের কাছে ঝাউবনে গড়ে তোলা হবে একটি আধুনিক চিড়িয়াখানা ও সর্প উদ্যান (Zoo And Snake Park)। ইতিমধ্যেই বন দপ্তরের প্রতিনিধিরা সম্প্রতি এই প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেছেন। দত্তপুর মৌজার প্রাকৃতিক পরিবেশ ও ঝাউবন এলাকাটি চিড়িয়াখানা তৈরির জন্য অত্যন্ত উপযুক্ত বলেই জানিয়েছেন তাঁরা। বন দফতরের চূড়ান্ত অনুমোদনের পর, দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ (DSDA) একটি বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট জমা দেবে।
দিঘার ঝাউবনে চিড়িয়াখানা ও স্নেক পার্ক
গত ৯ নভেম্বর দিঘায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে বন্ধ হয়ে যাওয়া একটি স্নেক পার্ক ফের চালু করা এবং একটি নতুন চিড়িয়াখানা গড়ে তোলা নিয়ে আলোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএসডিএ-কে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে, ডিএসডিএ-র বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং রাজ্য সরকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়, এর পরিপ্রেক্ষিতে বন দফতরের আধিকারিকরা স্থানটি পরিদর্শন করেন।
জগন্নাথ মন্দির তৈরির পর থেকে দিঘায় পর্যটকদের সমাগম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই নতুন এই চিড়িয়াখানায় পর্যটকরা বিভিন্ন প্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন। এর আগে অমরাবতী পার্কের কাছে কাজলদিঘিতে একটি স্নেক পার্ক ছিল, যা বর্তমানে বন্ধ হয়ে গেছে। সেই জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে এখন একটি পার্কে রূপান্তর করা হয়েছে, যেখানে একটি টয় ট্রেনও রয়েছে। নতুন সর্প উদ্যানে বিভিন্ন প্রজাতির সাপ ও সরীসৃপ প্রাণীদের সংরক্ষণ ও গবেষণার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এটি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করবে।
আরও পড়ুন: আজই প্রকাশিত উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারের ফলাফল! কীভাবে ফলাফল চেক করবে?
ডিএসডিএ-র চিফ এক্সিকিউিভ অফিসার (CEO) প্রতীক অশোক ধুমাল জানান যে, এই চিড়িয়াখানা ও স্নেক পার্ক তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বাঘ, সিংহ, হরিণ, হাতি, কুমির ও জলহস্তীর মতো প্রাণীদের জন্য উপকূলীয় পরিবেশ ও আবহাওয়া কতটা উপযুক্ত, তা যাচাই করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা তাদের সুপারিশ প্রদান করলে, অনুমোদনের জন্য প্রস্তাবটি সেন্ট্রাল জু অথরিটির কাছে পাঠানো হবে। পূর্ব মেদিনীপুর জেলার বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চিড়িয়াখানা তৈরির বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। দিঘা-শঙ্করপুর হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তীর মতে, এই উদ্যোগ দিঘার পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করবে। তাছাড়া, এখানে চিড়িয়াখানা তৈরির দীর্ঘদিনের চাহিদাও পূরণ হবে।


