বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ভারতের অধিনায়ক শুভমন গিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বলে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেছিলেন। এবার গিলের সেই আবেদনের সমর্থনে এগিয়ে এলেন ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর নেওয়া মহম্মদ শামি (Mohammed Shami)। একটা দীর্ঘ সময় টিম ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন রয়েছেন এই অভিজ্ঞ বোলার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে নিজের সবটা উজাড় করে দিচ্ছেন শামি। সেই তিনিই এবার গিলের সমর্থনে টেস্ট ক্রিকেট নিয়ে বড় মন্তব্য করলেন।
বড় মন্তব্য মহম্মদ শামির
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলেছেন শামি। যদিও শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাজস্থানের কাছে 6 উইকেটে হেরে টুর্নামেন্ট জয়ের স্বপ্ন শেষ হয়েছে বাংলার ছেলেদের। গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন তারা। আর সেই ম্যাচে রাজস্থান দলের বিরুদ্ধে 19 রান খরচ করলেও একটি উইকেটও তুলতে পারেননি এই ভারতীয় ক্রিকেটার। সেই তিনিই গতকাল মুম্বইয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিলকে সমর্থন করেন।
ভারতীয় তারকা বলেন, “আমি শুভমনের এই বক্তব্যকে সমর্থন করি যে বোলারদের বলে থুতু ফেলার অনুমতি দেওয়া উচিত। চলুন লাল বলটা নিয়ে একটু মজা করা যাক।” ভারতীয় ক্রিকেটারের এমন মন্তব্যকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন দেশের বহু প্রাক্তন ক্রিকেটার। সবচেয়ে বড় কথা, বল হাতে বারবার নিজেকে প্রমাণ করা সত্ত্বেও টিম ইন্ডিয়ায় শামি সুযোগ না পাওয়ায় বেশ ক্ষুব্ধ সমর্থকদের একটা বড় অংশ।
আরও পড়ুন: ব্যাট করতে না নেমেই সচিন তেন্ডুলকরকে পেছন ফেলে ইতিহাস গড়লেন ২৪ বছরের যশস্বী
প্রসঙ্গত, করোনা মহামারীর পর ক্রিকেটার এবং ম্যাচ কর্মকর্তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে 2020 সালে প্রথমবারের মতো বলে লালা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। সেই ঘটনার কয়েক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের খেলার শর্তাবলী সংক্রান্ত নিয়মাবলীতে এটি সম্পূর্ণ স্থায়ী বৈশিষ্ট্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যই বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে আবেদন জানিয়েছিলেন গিল। যদিও ভারতীয় ক্রিকেটারের আবেদনে সাড়া দেয়নি ICC, বরং আপাতত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জানানো হয়েছে।


