সেলুনে চুল কাটতে গিয়েই প্রাণ গেল যুবকের, নাপিতের কাণ্ডে চরম শোরগোল ইসলামপুরে

Published:

Islampur

প্রীতি পোদ্দার, কলকাতা: সামান্য বচসার জেরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা, ইসলামপুরে (Islampur) সেলুনে চুল কাটতে গিয়ে নাপিতের হাতেই খুন হতে হল এক যুবককে। অভিযোগ, কথা কাটাকাটির জেরে নাকি ওই নাপিত সেলুনের কাঁচি দিয়েই যুবকের বুকে ও পেটে একের পর এক আঘাত করে (Islampur Salon Murder Case)। তড়িঘড়ি ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার টালিগড় বাজার এলাকায়। মৃত যুবকের নাম মহম্মদ সাব্বির, বয়স ২৫। জানা গিয়েছে, ইসলামপুর থানার দালালবস্তি এলাকায় তাঁর বাড়ি। পেশায় তিনি একজন রঙ মিস্ত্রি। তাঁর স্ত্রী রুকসা বেগমের কথায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে সেলুনে গিয়েছিলেন চুল কাটাতে। কিন্তু সেখানে ঝগড়া অশান্তির জেরে নাকি দোকানের নাপিত ওই যুবকের বুকে ও পেটে কাঁচি দিয়ে আঘাত করে।

স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী

সূত্রের খবর, যুবকের চুল কাটার সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে সেলুনের নাপিতের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই কথা কাটাকাটি চরম আকার নেয়। এরপরই রাগের মাথায় হাতে থাকা কাঁচি দিয়ে সাব্বিরের বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করেন অভিযুক্ত নাপিত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। তারপর ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। স্থানীয়দের মতে একটি ছোটখাটো বিবাদ যে এভাবে একটি প্রাণ কেড়ে নিতে পারে, তা কিছতেই বিশ্বাস করা যাচ্ছে না।

আরও পড়ুন: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মালদার রেলকর্তা, অ্যাকশনে CBI

খুনের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এদিকে অভিযুক্ত নাপিত নিজের থেকেই সরাসরি ইসলামপুর থানায় আত্মসমর্পণ করেন। অন্যদিকে মৃতের পরিবার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তবে কি নিয়ে দুইজনের মধ্যে বিবাদ বেধেছিল সেই নিয়ে এখনো কিছু তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার নেপথ্যে কোনো পুরনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

google button