সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সপ্তম রাজ্য বেতন কমিশনের (7th Pay Commission) কাছে পেনশনভোগীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ দাবি ও সুপারিশ পেশ করল স্টেট গভর্নমেন্ট পেনশন ফেডারেশন। সংগঠনের প্রস্তাব, বর্তমান ৫০ শতাংশের পরিবর্তে পূর্ণ পেনশন (Pension) শেষ বেতনের ৬৭ শতাংশ এবং পারিবারিক পেনশন ৩০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা হোক। পাশাপাশি বয়সভিত্তিক পেনশন কাঠামো চালুর দাবি জানানো হয়েছে।
সপ্তম পে কমিশনে পেনশনভোগীদের বড় দাবি!
প্রস্তাব অনুযায়ী, ৬৫ বছরে শেষ বেতনের ৭০ শতাংশ, ৭০ বছরে ৭৫ শতাংশ, ৭৫ বছরে ৮০ শতাংশ, ৮০ বছরে ৮৫ শতাংশ, ৮৫ বছরে ৯০ শতাংশ এবং ৯০ বছর বয়সে ১০০ শতাংশ পেনশন দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়াও পেনশনভোগীদের জন্য পেনশনভিত্তিক ডিএ-র উপর ৩৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা (HRA), দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পরিচারক ভাতা, আয়কর থেকে অব্যাহতি এবং প্রবীণ নাগরিকদের জন্য রেলের ছাড় পুনর্বহালের দাবি জানানো হয়েছে। স্বাস্থ্য প্রকল্পের ক্ষেত্রেও বেতনের পার্থক্য নির্বিশেষে একই প্রিমিয়ামে সমান চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রস্তাব রয়েছে।
আরও পড়ুনঃ বকেয়া ডিএ দিলেও কম কেন? এবার বড় পদক্ষেপ নিল কর্মী সংগঠনগুলো
গ্র্যাচুইটিতে বদল আনবে সরকার?
পাশাপাশি প্রবীণদের জন্য আবাসন, শারীরিকভাবে অক্ষম পেনশনভোগীদের বিশেষ যাতায়াত ভাতা এবং ব্যাঙ্কের মাধ্যমে পেনশন ও বকেয়া ডিএ প্রদানের জন্য এক জানালা ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।গ্র্যাচুইটির ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সংগঠন। সর্বোচ্চ গ্র্যাচুইটির সীমা ৭৫ লক্ষ টাকা করার পাশাপাশি প্রতি ছয় মাসের যোগ্য চাকরির জন্য অর্ধ মাসের মূল বেতন ও ডিএ-র ভিত্তিতে গ্র্যাচুইটি গণনার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, পেনশন কমিউটেশনের টাকা ১৫ বছরের পরিবর্তে ১১ বছর পর অথবা ৭১ বছর বয়সে, যেটি আগে হবে, তা পুনরুদ্ধারের প্রস্তাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এগুলি পেনশন ফেডারেশনের পক্ষ থেকে সপ্তম রাজ্য বেতন কমিশনের কাছে পেশ করা দাবিদাওয়া ও সুপারিশ। এগুলি এখনও রাজ্য সরকারের অনুমোদিত সিদ্ধান্ত নয়।


