সহজ পদ্ধতিতে টবেই করুন ডালিয়ার চাষ, শীতের শুরুতেই বাগান ভরে উঠবে রঙবেরঙের ফুলে

Published:

Dahlia Farming

অনন্যা সরকার, কলকাতা: শীতকালীন ফুলগুলোর মধ্যে ডালিয়া (Dahlia) বাগানপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। শীতের আমেজ গায়ে লাগতেই অনেকে বাড়ির বাগানে বা ছাদের টবে ডালিয়া চাষ করতে পছন্দ করেন। সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডালিয়া ফোটে, তবে এই সময়ে ফুল পেতে হলে নভেম্বর মাসে চারা রোপণ করতে হয়। কীভাবে বাড়ির টবে বা সামান্য জায়গায় সহজেই ডালিয়া চাষ করবেন, আসুন জেনে নেওয়া যাক। 

বাড়িতে ডালিয়া চাষের পদ্ধতি

কিছু সহজ নিয়ম মেনে চললে খুব সহজেই বাড়ির ছাদ বা উঠোনে সুন্দর ডালিয়া ফুলে সাজিয়ে তুলতে পারবেন। বাড়ির কাছাকাছি কোনও নার্সারি থেকে ডালিয়ার বীজ বা চারা সংগ্রহ করতে পারেন। ডালিয়া গাছের জন্য আর্দ্র মাটি প্রয়োজন হয়, তবে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় জল জমে মাটি কাদা না হয়ে যায়। টানা বৃষ্টি হলে অবশ্যই গাছগুলোকে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। আবার গাছে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে জল দেওয়াও জরুরি। 

ডালিয়া চাষের জন্য সাধারণত বড় আকারের টব প্রয়োজন হয়। দোআঁশ মাটির সাথে সামান্য বালি মেশালে তা ডালিয়া গাছের জন্য সবচেয়ে উপযোগী হয়। টবের মাটি তৈরির সময় দোআঁশ মাটির সাথে গোবর সার, পাতার কম্পোস্ট এবং সরিষার খোল মিশিয়ে নিতে হবে। নার্সারি থেকে ডালিয়ার কাটিং বা চারা সংগ্রহ করে প্রস্তুত করা মাটিতে রোপণ করুন। গাছ কিছুটা বড় হলে সেগুলোকে একটি শক্ত খুঁটির সাথে বেঁধে দিন, যাতে গাছ হেলে না পড়ে বা ভেঙে না যায়।

আরও পড়ুন: অপরাজিতা গাছ ভরে ফুটবে ফুল, রইল পাঁচ ঘরোয়া উপায়

প্রতি দশ দিন অন্তর গাছের গোড়ার চারপাশে সরষের খোল ভেজানো জলের মতো তরল জৈব সার প্রয়োগ করুন। গাছ কিছুটা বড় হয়ে উঠলে এর ডগার দিকের অংশ বা শীর্ষ মুকুলটি ভেঙে বা ছেঁটে দিন, এতে গাছের বৃদ্ধি আরও ভালো হয়।  ডালিয়া গাছে প্রায়ই পোকামাকড়ের উপদ্রব হয়। এর মধ্যে জাবপোকা (aphids) সবচেয়ে ক্ষতিকর। এরা গাছের মুকুলে আক্রমণ করে, যার ফলে পাতা কুঁকড়ে যায় এবং বিবর্ণ হয়ে পড়ে। অনেক সময় এর কারণে মুকুলগুলো পূর্ণাঙ্গ ফুলে পরিণত হতে পারে না।

যদি, পাতায় পোকামাকড়ের আক্রমণের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে আক্রান্ত অংশগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। এর জন্য ১ লিটার জলে ৫ থেকে ৬ গ্রাম সাবানের গুঁড়ো মিশিয়ে নিন এবং প্রতি ১০ দিন অন্তর গাছগুলোতে এই মিশ্রণটি স্প্রে করুন। এই সহজ নিয়মগুলো মেনে চললে শীতকালে আপনার বাড়ির বাগান, ছাদের টব কিংবা উঠোন রঙবেরঙের ডালিয়া ফুলে ভরে উঠবে।

google button