ত্রিপল ঢাকা মাটির ঘর থেকে UPSC-তে ২৩৯তম স্থান, তৃতীয় প্রচেষ্টায় IAS পবন

Published:

UPSC Success Story of IAS Pawan Kumar

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: সাফল্য কেবল সুযোগ-সুবিধা বা পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতার ওপর নির্ভর করে না, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমেও তা অর্জন করা সম্ভব। যেমনটা করে দেখিয়েছেন উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার সিয়ানা তহসিলের রঘুনাথপুর গ্রামের পবন কুমার (UPSC Success Story of IAS Pawan Kumar)। বাঁশের খুঁটির ওপর ত্রিপল ঢাকা এক জরাজীর্ণ মাটির ঘরে বড় হয়ে ওঠা পবন ২০২৩ সালের ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় ২৩৯তম স্থান অর্জন করে একজন আইএএস (IAS) অফিসার হয়েছেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

চরম আর্থিক কষ্টের মধ্যেও আইএএস হওয়ার স্বপ্ন

নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পবন তাঁর ভাঙাচোরা পুরোনো ঘরেই পড়াশোনা করতেন। বিদ্যুৎ চলে গেলে তিনি প্রদীপের আলোয় পড়াশোনা করতেন। তিনি তাঁর বাবা মুকেশ কুমার রানা, মা সুমন দেবী এবং তিন বোন -গোল্ডি, সৃষ্টি ও সোনিকার সঙ্গে এই ত্রিপল ঘেরা ভাঙাচোরা বাড়িতেই অতি কষ্টে বড় হয়ে উঠেছেন। 

স্নাতক স্তরের পড়াশোনার জন্য যখন পবন এলাহাবাদে যান, তখন তাঁর পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়ে। তাঁর মা নিজের গয়না বিক্রি করে দেন, আর বাবা ও বোনেরা কায়িক পরিশ্রম করে তাঁকে সাহায্য করেন। অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য পবনকে তাঁর পরিবার কষ্ট করে ৩,২০০ টাকা জোগাড় করে একটি পুরোনো মোবাইল ফোন কিনে দেয়, যা তাদের কাছে ৩০-৩২ লক্ষ টাকার সমান মূল্যবান ছিল।

আরও পড়ুন: দারিদ্র্যের কটাক্ষ উড়িয়ে মাত্র ২৩-এ UPSC জয়ী অঙ্কিত, হলেন প্রথম শ্রেণির গ্যাজেটেড অফিসার

প্রথম দুই প্রচেষ্টায় ব্যর্থ হলেও পবন হাল ছাড়েননি। পরিবারের সমর্থনে তিনি দিল্লির মুখার্জি নগরে একটি কোচিং সেন্টারে ভর্তি হন এবং তৃতীয় প্রচেষ্টায় সাফল্য অর্জন করেন। পবন ইউপিএসসি মেইন পরীক্ষায় ৭৮৬ নম্বর এবং সাক্ষাৎকারে ১৮৫ নম্বর পেয়ে মোট ৯৭১ নম্বর অর্জন করেন। খড়ের চালের নীচে থেকেও প্রধানমন্ত্রীর আবাস প্রকল্পে অযোগ্য বিবেচিত হওয়া থেকে শুরু করে রান্নার গ্যাসের সিলিন্ডার কেনার মতো দৈনন্দিন কঠিন সংগ্রামের বাধা পেরিয়ে মাত্র ২৪ বছর বয়সে পবন তাঁর স্বপ্নপূরণ করেন। তাঁর এই সাফল্য সুবিধাবঞ্চিত পরিবার থেকে উঠে আসা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

google button