অনন্যা সরকার, কলকাতা: শীতকাল মানেই শুষ্ক আবহাওয়া। আর যাদের ত্বক এমনিতেই শুষ্ক শীতে তাদের সমস্যা আরও বেড়ে যায়। শীত পড়তেই না পড়তেই ঠোঁট ফাটা এবং গোড়ালি ফাটার (Cracked Heels) মতো সমস্যাগুলো খুব সাধারণ হয়ে দাঁড়ায়। শিশু থেকে প্রাপ্তবয়স্ক – সব বয়সের মানুষই এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। তবে পরিসংখ্যান বলছে, পুরুষদের তুলনায় মহিলাদের গোড়ালি ফাটার প্রবণতা কিছুটা বেশি থাকে। অনেক সময় এই সমস্যা এতটাই গুরুতর হয়ে ওঠে যে, ফাটা জায়গা থেকে রক্তপাতও হয়। কীভাবে ঘরোয়া উপায়ে এই শীতে যত্ন নেবেন গোড়ালির, আসুন জেনে নেওয়া যাক।
গোড়ালি ফাটা প্রতিরোধের উপায়
শুধু শীতকালেই যে গোড়ালি ফাটে এমনটা নয়, দীর্ঘ সময় পা অপরিষ্কার রাখলে, সঠিক যত্নের অভাব ও অনিয়মিত খাদ্যাভ্যাসও এই সমস্যার কারণ হতে পারে। অনেকে এই সমস্যা দূর করতে বাজার চলতি পণ্যের পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন। অথচ মাত্র ২০ থেকে ৩০ টাকা খরচে বাড়িতে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
গোড়ালি ফাটা কমাতে লাগবে একটি মোমবাতি, ৫০ গ্রাম সরষের তেল এবং দুটি ভিটামিন-ই ক্যাপসুল। এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং মৃদু আঁচে গরম করতে হবে। এরপর সেই মিশ্রণ সপ্তাহে পাঁচ দিন ফাটা গোড়ালির ওপর লাগাতে হবে। একবার তৈরি করে নিলে, এই মিশ্রণটি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করা যায়।
আরও পড়ুন: শীতে অ্যালার্জি তাড়ান ঘরোয়া এই ৪ উপায়ে
এছাড়া, পাকা কলাও এই সমস্যার একটি কার্যকর ঘরোয়া সমাধান। একটি পাকা কলা চটকে তার মণ্ডটি ফাটা গোড়ালির লাগিয়ে রাখতে হবে প্রায় ২০ মিনিট। এরপর পা ধুয়ে ফেলতে হবে। এভাবে নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা ধীরে ধীরে কমে আসবে। গোড়ালির সঠিক যত্ন ও এই সহজ ঘরোয়া উপায়গুলো অবলম্বন করলে শীতকালে গোড়ালি ফাটার অস্বস্তি ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন।


