অনন্যা সরকার, ঝাড়খণ্ড: কখনও ছোট ছোট কিছু ঘটনা আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারে। যেমনটা ঝাড়খণ্ডের বাসিন্দা অঙ্কিত আশিস মিশ্রের জীবনেও ঘটেছে (UPSC Success Story of Ankit Ashish Mishra)। তাঁর জীবনসংগ্রাম ও সাফল্যের কাহিনী এখন অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। মাত্র ২৩ বছর বয়সে তিনি ইউপিএসসি সিএপিএফ (UPSC CAPF) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণির গ্যাজেটেড অফিসার পদে নিযুক্ত হয়েছেন। এই সাফল্যের মাধ্যমে তিনি নীরবে সেই সমস্ত মানুষকে জবাব দিয়েছেন, যারা একসময় দারিদ্র্যের কারণে তাঁকে ও তার পরিবারকে পারিবারিক অনুষ্ঠান ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রেখেছিল। আসুন অঙ্কিত আশিস মিশ্রের সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
দারিদ্র্যের কারণে সহ্য করতে আত্মীয়দের অপমান
রাঁচির বাসিন্দা অঙ্কিতের বাবা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন, কিন্তু কোভিড-১৯ অতিমারীর সময় তিনি চাকরি হারান। সে সময় পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিল যে, তাদের মাথা গোঁজার মতো ঠাঁইটাও ছিল না। অঙ্কিত ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, দশম শ্রেণির পরীক্ষায় তিনি নিজের জেলায় প্রথম স্থান অধিকার করেছিলেন। ইংরেজি মাধ্যমের স্কুলে মানিয়ে নেওয়া কঠিন হলেও তিনি হাল ছাড়েননি এবং একাদশ শ্রেণিতে ৯৪ শতাংশ নম্বর অর্জন করেন।
বাবার চাকরি চলে যাওয়ার পর আত্মীয়রা তাঁর শিক্ষকতার পেশা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সংসার চালানোর তাগিদে অঙ্কিত যখন চা বিক্রি শুরু করেন, তখন সেই আত্মীয়রা তাঁদেরকে পরিবারেই এক বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পর্যন্ত করেননি। এই অপমান অঙ্কিতকে গভীরভাবে আঘাত করে। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি সমাজের এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেন।
আরও পড়ুন: ছিল না স্কুল ফি দেওয়ার টাকাও, IIT পাস করে ৭৫ লক্ষের চাকরি পেলেন অটোচালকের ছেলে
পরিবারের ভরণপোষণের জন্য অঙ্কিত বাড়িতে প্রাইভেট টিউশন পড়ানো শুরু করেন। নিজের সামান্য জমানো টাকা দিয়ে তিনি একটি চায়ের দোকানও চালু করেন এবং একই সঙ্গে নিজের পড়াশোনাও চালিয়ে যান। কিছুদিন পর, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি দিল্লিতে চলে আসেন। অন্যদের কাছ থেকে পুরনো নোট ও বই ধার করে তিনি কলেজের পড়াশোনার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিও নিতে থাকেন। তবে প্রথম প্রচেষ্টায় তিনি মাত্র ৭ নম্বরের জন্য সফল হতে পারেননি।
অবশেষে, ২০২৫ সালে আসে সাফল্য। তিনি ইউপিএসসি সিএপিএফ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ২৩৬তম র্যাঙ্ক অর্জন করেন এবং ২৩ বছর বয়সে প্রথম শ্রেণির গ্যাজেটেড অফিসার হয়ে নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করেন। চরম প্রতিকূলতা, আর্থিক অনটন ও অপমানের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি কখনোই পড়াশোনা ছাড়েননি। তার এই যাত্রা প্রমাণ করে যে, সীমিত অর্থ ও কঠিন পরিস্থিতি সত্ত্বেও কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ও সংকল্পের জোরে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।


